SIR in West Bengal

তথ্যগত অসঙ্গতি বিচার করবেন কারা? সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার বৈঠকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি

এসআইআর মামলায় শুক্রবার বেনজির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত জানায়, এসআইআরের কাজে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে, সেগুলির নিষ্পত্তি করবেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত আধিকারিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬
Meeting on SIR to be held in Calcutta High Court on Saturday as per Supreme Court order

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সুপ্রিম কোর্টের নির্দেশের পরের দিনই কলকাতা হাই কোর্টে উচ্চ পর্যায়ের বৈঠক। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) তথ্যগত অসঙ্গতির বিষয় নিষ্পত্তি করার জন্য বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠনের কথা বলেছিল সুপ্রিম কোর্ট। সেই কমিটিতে কারা থাকবেন, তা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল হাই কোর্টকেই!। সেই নির্দেশ মতো শনিবার বিকেলে বৈঠকে বসলেন হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সেই বৈঠকে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালও।

Advertisement

এক কর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এই বৈঠকের উদ্দেশ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারবিভাগীয় তত্ত্বাবধানের জন্য একটি পরিকাঠামো তৈরি করা। এসআইআরের বাকি কাজ পরিচালিত হবে বিচার বিভাগীয় আধিকারিকদের নেতৃত্বে হবে। বৈঠক নিয়ে রাজ্যের সিইও জানান, এসআইআর সংক্রান্ত যাবতীয় জটিলতা নিয়ে সকলেই নিজেদের মত রাখতে পারবেন বৈঠকে।

এসআইআর মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং কমিশন। শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়েছে! এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশও করে শীর্ষ আদালত। তার পরেই আদালত এক বেনজির নির্দেশ দেয়। আদালত জানায়, এসআইআরের কাজে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে, সেগুলির নিষ্পত্তি করবেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত আধিকারিকেরা। কমিশন এবং রাজ্য সরকারের আধিকারিকেরা কেবল বিচারবিভাগীয় ওই আধিকারিকদের সহায়তা করবেন।

শুনানিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে নিজের অসন্তোষ লুকোননি প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতি রাজ্য সরকার তৈরি করেছে, যেখানে বিচারবিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন।’’ তার পরেই কমিশন এবং রাজ্যের আধিকারিকদের সঙ্গে শনিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে আলোচনায় বসার অনুরোধ করে সুপ্রিম কোর্ট। সেই বৈঠকে কমিশনের প্রতিনিধি, সিইও, মুখ্যসচিব, ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলের থাকার কথা বলেছিল শীর্ষ আদালত। নির্দেশে শীর্ষ আদালত আরও জানায়, এসআইআরের কাজে হাই কোর্ট নিয়োগ করবে বর্তমান বিচারক এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের। প্রতি জেলায় এমন কয়েক জন করে আধিকারিক নিয়োগ করা হবে। তাঁরা ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত কাজ করবেন। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে শনিবার বিকেলে উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।

Advertisement
আরও পড়ুন