Missing

‘নিখোঁজ প্রধান’! পোস্টারে সরগরম সবংয়ের ভেমুয়া, চর্চা রাজনৈতিক মহলে

পোস্টারে বড় অক্ষরে লেখা রয়েছে ‘নিখোঁজ! নিখোঁজ! নিখোঁজ!’ পাশাপাশি দাবি করা হয়েছে, “গণদেবতাকে পরিষেবা তুলে দাও, না হলে আমাদের প্রধানকে খুঁজে দাও।”

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০২:৫৪

— নিজস্ব চিত্র।

গ্রাম পঞ্চায়েত প্রধানের নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১০ নম্বর ভেমুয়া এলাকায়। গ্রাম পঞ্চায়েত প্রধান রাজীব শী ‘নিখোঁজ’! পোস্টারে এমনটাই দাবি করা হয়েছে। শনিবার সকালে ভেমুয়া এলাকার বিভিন্ন জায়গায় এই পোস্টার নজরে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement

পোস্টারে বড় অক্ষরে লেখা রয়েছে ‘নিখোঁজ! নিখোঁজ! নিখোঁজ!’ পাশাপাশি দাবি করা হয়েছে, “গণদেবতাকে পরিষেবা তুলে দাও, না হলে আমাদের প্রধানকে খুঁজে দাও।” পোস্টারে আরও অভিযোগ করা হয়েছে, গত ৪ মে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ভেমুয়া ১০ নম্বর অঞ্চলের প্রধান রাজীব, গ্রাম পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম বন্ধ করে ‘নিখোঁজ’ হয়ে গিয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হলেও, বর্তমানে এলাকার মানুষের কোনও খোঁজ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলা হয়েছে।

পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে সচিবকে একাধিকবার জানানো হলেও, কোনও ইতিবাচক সাড়া মেলেনি। তাই এলাকার ‘গণতন্ত্রের গণদেবতা’-র কাছে প্রধানকে খুঁজে বের করার আবেদন জানানো হয়েছে। পোস্টারের শেষাংশে কটাক্ষের সুরে লেখা হয়েছে, “নিখোঁজ হওয়া কোনও সমাধান নয়। কাপুরুষের মতো পালিয়ে না গিয়ে জনগণের মুখোমুখি হওয়ার সাহস রাখুন।” এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই ধরনের পোস্টার পড়েছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement
আরও পড়ুন