সুসময় মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
আবার মেদিনীপুর, আবার তৃণমূলের নেতা গ্রেফতার! এ বার মেদিনীপুর পুরসভার কনজ়ারভেন্সি সিআইসি তথা মেদিনীপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুসময় মুখোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। কোতোয়ালি থানার পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে হাজির করানো হবে।
শালবনির জমি কেলেঙ্কারি নিয়ে মেদিনীপুর জুড়ে রাজনৈতিক শোরগোল চলছে। ওই মামলায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা গ্রেফতার হয়েছেন। মোট দু’টি মামলায় তাঁর পুলিশি এবং জেল হেফাজত হয়েছে। শালবনির জমিকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। যদিও সুমিত নিখোঁজ এবং তিনি আদালতে আগাম জামিনের আবেদন আর্জি জানিয়েছেন আইনজীবী মারফত। এর মধ্যে সুসময়ের গ্রেফতারি নিয়ে শোরগোল শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল করে রাখার অভিযোগ উঠেছে। তা ছাড়াও অন্যের বাড়ি দখল করে গুদামঘর বানানো এবং ভাড়া চাইলে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, সরকারি সম্পত্তি দখল করে খানিকটা বিক্রি করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে কোতোয়ালি থানায় পুলিশ সুসময়কে জিজ্ঞাসাবাদ শুরু করে। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবারই সুসময়কে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হচ্ছে। তাঁকে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।