Elephant Attacks

মেদিনীপুরের জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল! দলছুট দাঁতালের হানায় গুরুতর জখম দুই

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে বাড়ির অদূরে আলুর জমিতে জল দিতে গিয়েছিলেন সুনীল। সেখানেই একটি দলছুট দাঁতাল তাঁকে আক্রমণ করে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৩

— প্রতীকী চিত্র।

মেদিনীপুরের জঙ্গলে গত দু’-তিন দিন ধরে তাণ্ডব চালাচ্ছে এক দল হাতি। স্থানীয়দের দাবি, সেই সংখ্যাটা ১০০ পর্যন্ত হতে পারে। রবিবার ভোরে নয়াবসত রেঞ্জের অধীন গড়বেতা-৩ নম্বর ব্লকের মঙ্গলপাড়া গ্রামে একটি দলছুট দাঁতালের হামলায় গুরুতর জখম হয়েছেন দুই ব্যক্তি। আহতেরা হলেন, সুনীল রম (৫৫) এবং হিমাংশু কারক (৬০)। দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অন্যদিকে, শালবনীর কর্ণগড় এলাকায় রবিবার ভোরে একদল দাঁতালের তাণ্ডবে ভেঙেছে বেশ কয়েকটি মাটির বাড়ি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে বাড়ির অদূরে আলুর জমিতে জল দিতে গিয়েছিলেন সুনীল। সেখানেই একটি দলছুট দাঁতাল তাঁকে আক্রমণ করে। ছুটে পালাতে গিয়েও পারেননি। হাতি শুঁড়ে করে পেঁচিয়ে ছুঁড়ে ফেলে তাঁকে। গুরুতর জখম হন তিনি। তাঁর চিৎকারে ছুটে এসে স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকেই মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।

অন্যদিকে, বাড়ির সামনে একটি পুকুরের কাছে গিয়েছিলেন হিমাংশু। ওই দলছুট দাঁতাল ছুটে এসে তাঁকেও আক্রমণ করে। জখম অবস্থায় তাঁকেও উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। সুনীলের ভাইপো পার্থ রম বলেন, ‘‘আলুর জমিতে কাজ করতে গিয়েছিলেন কাকু। সেখানেই জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি হাতি হামলা চালায়।’’ নয়াবসত রেঞ্জের এক অফিসার বলেন, ‘‘এই এলাকায় পাঁচ থেকে ছ’টি হাতি রয়েছে। গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। তার মধ্যেই একটি দলছুট দাঁতাল জঙ্গল সংলগ্ন মাঠে এই হামলা চালায়। আমরা পরিবারের পাশে রয়েছি। সমস্ত ধরনের সহযোগিতা করা হবে।’’

Advertisement
আরও পড়ুন