Banff Adventure Film Festival

পাহাড়ই মুখ্য চরিত্রে, পর্বতযাপন ঘিরে শহরে ভিন্ন ধারার চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ১০টি ছবি

পাহাড়ের গল্প, পাহাড়ের সঙ্গে মানুষের যাপন ও সম্পর্ক— সে সব ঘিরে তৈরি হওয়া ছবি দেখানো হবে মহাজাতি সদনে। পাহাড়ের মতো বৈচিত্রময় চরিত্রকে ঘিরে কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ‘বাম্ফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০২
পাহাড় ঘিরে ছবির উৎসব শহরে।

পাহাড় ঘিরে ছবির উৎসব শহরে। ছবি: সংগৃহীত।

প্রেক্ষাপট নয়, পটভূমিকাও নয়। মুখ্যচরিত্রেই পাহাড়। রোমাঞ্চকর, আরামদায়ক, রহস্যময়, সুন্দরী, ভয়ানক, শান্ত, বিধ্বংসী— যার অনুষঙ্গে স্ববিরোধী বৈশিষ্ট্যও মানানসই। সেই বৈচিত্রময় চরিত্রকেই ঘিরে কলকাতায় আয়োজিত হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ‘বাম্ফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’। পাহাড়ের গল্প, পাহাড়ের সঙ্গে মানুষের যাপন ও সম্পর্ক, এ সব ঘিরেই তৈরি হওয়া ছবি দেখানো হবে মহাজাতি সদনে।

Advertisement
‘দ্য হিমালয়ান ক্লাব’-এর উদ্যোগে ‘বাম্ফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’।

‘দ্য হিমালয়ান ক্লাব’-এর উদ্যোগে ‘বাম্ফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’। ছবি: সংগৃহীত

কানাডার অ্যালবার্টা স্টেটের বাম্ফ শহরে প্রায় ৫০ বছর ধরে এই উৎসব আয়োজিত হয়। উদ্যোক্তা, বাম্ফ সেন্টার ফর আর্টস এন্ড ক্রিয়েটিভিটি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে ৪০০টিরও বেশি ছোট ছোট ছবি। প্রতি বছর নভেম্বরে এই উৎসবে প্রাথমিক বাছাইরের পরে ৭০ থেকে ৮০টি ছবি প্রদর্শিত হয়। বিচারকদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত ২৫-৩০টি ছবি বিভিন্ন দেশে দেখানো হয়। আর তখনই শুরু হয় এই ছবিগুলির বিশ্বভ্রমণ। কলকাতায় ‘দ্য হিমালয়ান ক্লাব’-এর উদ্যোগে এই ছবিগুলি দেখতে পাবেন সিনেপ্রেমী থেকে পাহাড়প্রেমীরা। ৮ ফেব্রুয়ারি, রবিবার, মহাজাতি সদনে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই উৎসব চলবে। ‘ফুটপ্রিন্টস টু কাটমাই’, ‘ইয়ান’, ‘টু লেগস ইজ় টু ইজ়ি’, ‘কিপ ইট বার্নিং’, ‘আ টিম স্পোর্ট’-এর মতো মোট ১০টি ছবি দেখানো হবে ৪ ঘণ্টায়। রেজিস্ট্রেশনের জন্য মাথাপিছু ৩০০ টাকা করে খরচ করে এই ১০টি ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে পারবেন।

কেউ ক্যানসারে দুই পা হারিয়ে পাহাড় চড়তে বেরিয়েছেন, কেউ বা ঠাকুরমার পদচিহ্ন অনুসরণ করে আলাস্কার সমুদ্রসৈকতে পাড়ি দিয়েছেন, কেউ আবার সেই পাহাড় দেখতে বেরিয়েছেন, যে পাহাড়ে দীর্ঘ ৩৩ বছরে কারও পা পড়েনি, কেউ সাইকেলে চেপে পৌঁছে যাবেন ইউটার গিরিখাতে। এমনই সমস্ত শিহরন জাগানো কাহিনির সামনে দর্শককে দাঁড় করাবে এই উৎসব।

Advertisement
আরও পড়ুন