—প্রতিনিধিত্বমূলক চিত্র।
প্রেমিকার বাড়ির পাশে এক মাঠ থেকে প্রেমিকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার গেদেতে। মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে ডেকে এনে ওই যুবককে খুন করেছেন তাঁর প্রেমিকার বাড়ির লোকেরা! পুলিশ তদন্ত শুরু করলেও এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
স্থানীয় সূত্রে খবর, গেদের হালদারপাড়ার বাসিন্দা অনুপ হালদারের কন্যার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল সৌরভ হালদার নামে এক যুবকের। সৌরভও একই এলাকায় থাকতেন। শনিবার রাতে সৌরভকে ফোন করে ডেকে পাঠান তাঁর প্রেমিকা। তার পর থেকে আর সৌরভের কোনও খোঁজ মেলেনি। বার বার ফোন করেও লাভ হয়নি। রবিবার সকালে প্রেমিকার বাড়ির পাশে জমি থেকে সৌরভের দেহ উদ্ধার হয়।
মৃতের পরিবারের দাবি, ওই প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি সৌরভের প্রেমিকার পরিবার। নানা সময়ে হুমকি দিতেন অনুপ। সৌরভের পরিবারের অভিযোগ, ‘‘এটা কোনও স্বাভাবিক মৃত্যু নয়। ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। অনুপ এবং তাঁর বাড়ির লোকজন মিলে সৌরভকে মেরে ফেলেছে।’’
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হতে পারে বলে খবর পুলিশ সূত্রে।