Special Intensive Revision

প্রথম দফার চূড়ান্ত তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে আতঙ্কে মৃত্যু বৃদ্ধার! এসআইআর-অভিযোগ পরিবারের

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রকাশিত এসআইআরের চূড়ান্ত তালিকায় এতোয়ারি এবং তাঁর পরিবারের বেশ কয়েক জন সদস্যের নাম ছিল না। বিষয়টি জানার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০১:১৮

—প্রতীকী চিত্র।

ফের এসআইআরের আতঙ্কে মৃত্যু হল এক বৃদ্ধার! পরিবারের অভিযোগ, প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় নিজের এবং পরিবারের সদস্যদের নাম খুঁজে না পেয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

মৃতের নাম এতোয়ারি মাহাতো (৬৮)। তিনি নদিয়ার কল্যাণীর চরযাত্রাসিদ্ধি এলাকার বাসিন্দা ছিলেন। অভিযোগ, এসআইআরের আতঙ্কে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রকাশিত এসআইআরের চূড়ান্ত তালিকায় এতোয়ারি এবং তাঁর পরিবারের বেশ কয়েক জন সদস্যের নাম ছিল না। বিষয়টি জানার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধা। দীর্ঘ লড়াইয়ের পর পাওয়া নাগরিকত্বের অধিকার ফের কেড়ে নেওয়া হবে কি না, সেই আশঙ্কায় দিশাহারা হয়ে পড়েছিলেন তিনি। পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে থাকাকালীন হঠাৎই অসুস্থ বোধ করেন এবং হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তালিকায় নাম বাদ পড়ার খবর পাওয়ার পর থেকেই তিনি কার্যত ভেঙে পড়েছিলেন।

চরযাত্রাসিদ্ধি এলাকার বাসিন্দাদের কাছে ভোটার তালিকায় নাম থাকাটা নিছক কোনও প্রশাসনিক প্রক্রিয়া নয়, দীর্ঘ সংগ্রামের জয়। স্থানীয় সূত্রে খবর, নদিয়া ও হুগলি জেলার সীমানা সংক্রান্ত জটিলতার জেরে প্রায় ২৮ বছর আইনি লড়াই চালিয়েছিলেন এই এলাকার মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর ২০০৯ সালে প্রথমবার তাঁদের নাম ভোটার তালিকায় তোলা সম্ভব হয়। এক দশক পেরোতে না পেরোতেই ফের সেই তালিকায় নাম না থাকা বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে চরম উদ্বেগের আবহ নদিয়ায়। এর মধ্যে বৃদ্ধার মৃত্যুতে গোটা এলাকায় এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভোটার তালিকার এই সংশোধনী প্রক্রিয়াটি স্বচ্ছ নয়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভয় বাড়ছে। অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন। প্রশাসন যদি দ্রুত এই বিভ্রান্তি দূর না করে, তবে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছে রাজনৈতিক ও সামাজিক মহলের একাংশ।

Advertisement
আরও পড়ুন