মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সময় পালিয়ে গেলেন বাংলাদেশি বন্দি! —নিজস্ব ছবি।
পুলিশের প্রহরা ছিল। সাধারণ মানুষের ভিড়ও ছিল। তার মধ্যেই ‘সুযোগ’ বার করে ফেললেন বাংলাদেশি বন্দি। পুলিশের চোখে ধুলো দিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেলেন ওই জেলবন্দি।
পুলিশ সূত্রে খবর, পলাতক ওই যুবকের নাম সামিউল ইসলাম। অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হন তিনি। প্রায় ছ’মাস মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ছিলেন। শুক্রবার সকালে তাঁর শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।
জেল পুলিশের একটি দল তাঁকে নিয়ে হাসপাতালের দিকে এগোচ্ছিল। কিন্তু হাসপাতালের গেটের সামনে গাড়ি থেকে নামার সময় মুহূর্তের মধ্যে পালিয়ে যান ওই বন্দি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝটকা মেরে পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভিড়ের মধ্যে মিশে যান ওই বন্দি।
জেলবন্দি পালানোর ঘটনায় হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায়। সামিউলের পিছু ধাওয়া করেও তাঁকে ধরতে পারেনি পুলিশ। স্বভাবতই অস্বস্তিতে পড়েছে জেলা পুলিশ-প্রশাসন। প্রকাশ্য দিবালোকে পুলিশের হেফাজত থেকে কী ভাবে বন্দি পালালেন, তা নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনার পরেই বহরমপুর শহর জুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। সামিউলের খোঁজে বহরমপুরের বিভিন্ন মোড় ও নাকা পয়েন্টগুলোতে তল্লাশি শুরু করেছে পুলিশ। সীমান্তবর্তী থানাগুলিকেও সতর্ক করা হয়েছে।