Right to be Forgotten

অনলাইন সংবাদের ক্ষেত্রে কি ‘ভুলে যাওয়ার অধিকার’ প্রয়োগ করা যেতে পারে? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

ভারতীয় সংবিধানে ‘ভুলে যাওয়ার অধিকার’ (রাইট টু বি ফরগটন্‌)-এর সরাসরি উল্লেখ না থাকলেও, এটি ২১ নম্বর অনুচ্ছেদ অধীনে ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) অধিকারের একটি অংশ হিসেবে সুপ্রিম কোর্ট দ্বারা স্বীকৃত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সুপ্রিম কোর্ট মনে করে ভারতীয় সংবাদমাধ্যমে ডিজিটাল যুগ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের ‘অধিকারের সীমা’ও পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। সুপ্রিম কোর্ট শুক্রবার বলেছে, ‘‘এটি একটি নতুন যুগ। তাই বদলে যাওয়া এই সময়ে, সংবিধানের ১৯ অনুচ্ছেদের (সংবাদপত্রের স্বাধীনতার অধিকার) এবং ২১ অনুচ্ছেদের (ব্যক্তির মর্যাদা, গোপনীয়তা এবং ভুলে যাওয়ার অধিকার) মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন।’’

Advertisement

এর পাশাপাশি শীর্ষ আদালত শুক্রবার দিল্লি হাইকোর্টের একটি আদেশকে চ্যালেঞ্জ করে একটি অনলাইন আবেদন আবেদন খতিয়ে দেখতে সম্মত হয়েছে। দিল্লি হাই কোর্টের ওই নির্দেশে একটি ফৌজদারি মামলা থেকে অব্যাহতিপ্রাপ্ত একজন অভিযুক্ত সম্পর্কে সংবাদ প্রচার ও প্রকাশের উপর নিষেধাজ্ঞার নির্দেশ দিয়ে একটি নিম্ন আদালতের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। পাশাপাশি প্রকাশিত কিছু খবর মুছে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যম।

প্রসঙ্গত, ভারতীয় সংবিধানে ‘ভুলে যাওয়ার অধিকার’ (রাইট টু বি ফরগটন্‌)-এর সরাসরি উল্লেখ না থাকলেও, এটি ২১ নম্বর অনুচ্ছেদ অধীনে ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) অধিকারের একটি অংশ হিসেবে সুপ্রিম কোর্ট দ্বারা স্বীকৃত। এই অধিকারের মাধ্যমে কোনোও ব্যক্তি ইন্টারনেট ডোমেন থেকে তাঁর অতীত বা অপ্রাসঙ্গিক ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিয়ো মুছে ফেলার বা সরিয়ে ফেলার দাবি জানাতে পারেন। এ ক্ষেত্রে ওই অধিকার সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যমের উপর প্রযুক্ত হয় কি না সে বিষয়টি পর্যালোচনা করবে শীর্ষ আদালত।

Advertisement
আরও পড়ুন