আবার উত্তেজনা ঢাকায়। ছবি: সংগৃহীত।
হামলার পুনরাবৃত্তির আশঙ্কায় দ্রুত সদর দফতর খালি করলেন বাংলাদেশের প্রথম সারির দৈনিক সংবাদপত্র ডেলি স্টার কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে ঢাকার জনবহুল কারওয়ান বাজার এলাকায় ওই ইংরেজি সংবাদপত্রের দফতর থেকে সাংবাদিক এবং কর্মীরা সরে গিয়েছেন বলে তাদেরই ওয়েবসাইটে জানানো হয়েছে।
গত ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় ডেলি স্টার এবং একই গোষ্ঠীর মালিকানাধীন বাংলা সংবাদপত্র প্রথম আলোর দফতরে হামলা চালিয়েছিল উন্মত্ত জনতা। টিভি, ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটার লুটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছিল দফতরে। ওই ঘটনার জেরে দু’দিন প্রথম আলো ও ডেলি স্টারের প্রকাশনা বন্ধ ছিল। সেই রাতে ধ্বংস করা হয়েছিল বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটকেও।
ঢাকা পুলিশের তরফে সে সময় ইঙ্গিত দেওয়া হয়েছিল, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর জেরে (হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন ১২ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছিল) তৈরি হওয়া গণরোষ থেকেই ওই ‘মব হামলা’ হয়েছিল। পরে বিভিন্ন ভিডিয়ো ফুটেজে দেখা যায় হামলাকারী জনতার ‘চরিত্র’ ছিল পুরোপুরি ‘সংগঠিত’। বিভিন্ন কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী ওই হামলার জন্য দায়ী বলে অভিযোগ। ঘটনাচক্রে, শুক্রবারও দুপুরে হাদি-হত্যার বিচারের দাবিতে কর্মসূচি ঘিরে আজ শুক্রবার বিকেলে ঢাকায় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। তার পরেই ভোটের বাংলাদেশে নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।