Suicide Bombing at Islamabad

পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে! জুম্মার নমাজের সময় ইসলামাবাদে আত্মঘাতী হামলায় হত ৩১, শতাধিক জখম

ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, আত্মঘাতী মানববোমাকে প্রবেশপথের সামনে থামানো হয়েছিল। সে সময় ‘সুইসাইড ভেস্ট’ (বিস্ফোরক ভরা জ্যাকেট) পরা ওই জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪
Many killed in suicide bombing at Shia Muslim mosque in Islamabad during Friday prayer

ইসলামাবাদের সেই বিস্ফোরণস্থল। ছবি: সংগৃহীত।

পাকিস্তানে আবার জুম্মার নমাজের সময় হামলার নিশানা মসজিদ। শুক্রবার দুপুরে রাজধানী ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার শিয়া টারলাই ইমামবাড়ার শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে। গুরুতর আহত দেড়শোর বেশি!

Advertisement

ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, আত্মঘাতী মানববোমাকে প্রবেশপথের সামনে থামানো হয়েছিল। সে সময় ‘সুইসাইড ভেস্ট’ পরা ওই জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়। পুলিশ আধিকারিক জাফর ইকবাল সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘‘আমরা বেশ কয়েকজনকে হাসপাতালে স্থানান্তরিত করেছি। এই মুহূর্তে কত জনের মৃত্যু হয়েছে তা আমি নির্দিষ্ট ভাবে বলতে পারছি না, তবে হ্যাঁ, অনেকেই নিহত হয়েছেন।’’ উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভের দু’দিনের পাকিস্তান সফর শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তিনি ইসলামাবাদে থাকাকালীনই হল এই হামলা।

সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে অতীতেও বেশ কয়েক বার শিয়া মসজিদে প্রাণঘাতী হামলা হয়েছে। খাইবার পাখতুনখোয়া এবং পাক পঞ্জাব প্রদেশেই এমন হামলার ঘটনা বেশি ঘটেছে। এ ক্ষেত্রেও কোনও সুন্নি জঙ্গিগোষ্ঠী আত্মঘাতী হামলা চালাতে পারে বলে মনে করছেন অনেকে। কী ভাবে এই বিস্ফোরণ হল, বিস্ফোরণের পিছনে কারা রয়েছে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও গোষ্ঠী এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে, পুলিশ সূত্র জানিয়েছে যে হামলাকারী এক জন বিদেশি নাগরিক এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র (পাক সরকার যাদের ‘ফিতনা আল খোয়ারিজ়’ বলে) সঙ্গে তার যোগসূত্র মিলেছে।

Advertisement
আরও পড়ুন