Suicide

শান্তিপুরের আমবাগান থেকে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ! দ্বিতীয় স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পরে চরম সিদ্ধান্ত

স্থানীয়দের একাংশের দাবি, সুজয়ের দ্বিতীয় স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সে জন্য ওই সিভিককে ছেড়ে চলে যেতে চেয়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৫:৩৯

— প্রতীকী চিত্র।

শান্তিপুর পুরসভা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ায় এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত যুবকের নাম সুজয় হালদার। তাঁর বয়স ৩২ বছর। তাঁর পরিবারের অভিযোগ, দ্বিতীয় স্ত্রী তাঁকে ছেড়ে চলে যাওয়ায় মানসিক যন্ত্রণা সহ্য পারেননি। সে জন্য আত্মঘাতী হয়েছেন তিনি।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে প্রথম বার বিয়ে করেছিলেন সুজয়। নিজে পছন্দ করেই ওই মহিলাকে বিয়ে করেছিলেন। অভিযোগ, বিয়ের পরে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ২০২৩ সালে তিনি ওই মহিলাকে বিয়ে করেন। কিন্তু তাঁদের দাম্পত্যে ভাঙন ধরে মাস চারেক আগে। স্থানীয়দের একাংশের দাবি, সুজয়ের দ্বিতীয় স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সে জন্য ওই সিভিককে ছেড়ে চলে যেতে চেয়েছিলেন তিনি। সুজয় কোনও ভাবেই স্ত্রীকে ছাড়তে রাজি ছিলেন না।

পারিবারিক বিবাদ মেটাতে দিনদুয়েক আগে স্থানীয় একটি ক্লাবে সালিশি সভাও বসে। সেখানে সুজয়ের দ্বিতীয় স্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর স্বামীর সংসারে ফিরবেন না। স্ত্রীকে বার বার বুঝিয়েও লাভ না হওয়ায় সভা থেকে বেরিয়ে যান সুজয়। তার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সোমবার সকালে স্থানীয় একটি আমবাগানে সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতের দাদা অসিত হালদার বলেন, ‘‘প্রথম স্ত্রীকে ছেড়ে দ্বিতীয় বার বিয়ে করেছিল ভাই। কিন্তু এখন দ্বিতীয় স্ত্রীও ওকে ছেড়ে চলে যেতে চাইছিল। এই টানাপোড়েনে ও মানসিক অবসাদে ভুগছিল। আমাদের ধারণা, ও বিচ্ছেদের কথা ভেবেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ওর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’’ ঘটনার নেপথ্যে কোন কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন