Murshidabad Incident

ডোমকলে ডেপুটি ম্যাজিস্ট্রেটের মৃত্যু! বিধানসভা নির্বাচনের দায়িত্ব সামলাচ্ছিলেন ওই সরকারি আধিকারিক

কর্মসূত্রে ডোমকলে থাকলেও সরকারি আধিকারিকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকায়। ২০২৫ সালে তিনি ডব্লিউবিসিএস এগ্‌জিকিউটিভ ক্যাডারে উন্নীত হয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ০০:৪৬

— প্রতীকী চিত্র।

বিধানসভা ভোটের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। বাড়ি থেকে ফিরে শুক্রবারই কাজে যোগ দিয়েছিলেন মুর্শিদাবাদের ডোমকলের ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রদীপ মণ্ডল। অসুস্থতার কারণে শনিবার মৃত্যু হল তাঁর।

Advertisement

কর্মসূত্রে ডোমকলে থাকলেও প্রদীপের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকায়। জানা গিয়েছে, তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সম্প্রতি গোসাবার বাড়িতে গিয়েছিলেন প্রদীপ। শুক্রবার ফিরে কাজে যোগ দিয়েছিলেন। তিনি থাকতেন ডোমকলের মহকুমাশাসকের অতিথিশালায় (গেস্ট হাউস)। সূত্রের খবর, শুক্রবার রাত থেকেই অসুস্থ ছিলেন প্রদীপ। কিন্তু নিজের অসুস্থতার কথা কাউকে জানাননি।

শনিবার সকালে প্রদীপের শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তিনি বিষয়টি জানান ওই গেস্ট হাউসের কেয়ারটেকারকে। তাঁর কাছ থেকে বিষয়টি জানতে পেরে প্রদীপের সহকর্মীরা দ্রুত ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন প্রদীপ।

তার পরেই প্রদীপকে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছিলেন সহকর্মীরা। মাঝপথে দৌলতাবাদের কাছে প্রদীপের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। অচৈতন্য হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটকে। তবে সেখানকার চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, উচ্চ রক্তচাপ, সুগার ছাড়াও নানা ধরনের অসুখ বাসা বেঁধেছিল ওই সরকারি আধিকারিকের শরীরে।

ডোমকল মহকুমাশাসকের অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন প্রদীপ। তাঁর উপর আসন্ন বিধানসভা নির্বাচনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত ছিল। ২০২৫ সালে তিনি ডব্লিউবিসিএস এগ্‌জিকিউটিভ ক্যাডারে উন্নীত হয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন