আইএসসিতে কৃতী সমীপ ঘোষ (বাঁ দিকে)। আইসিএসইতে কৃতী প্রত্যয় দত্ত (ডান দিকে)। নিজস্ব চিত্র ।
আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল ঘোষণা হল বুধবার। এ বছর আইসিএসই পরীক্ষা শেষের ৩০ দিন এবং আইএসসি পরীক্ষা শেষের ২৬ দিনের মাথায় ফল প্রকাশ হল। জেলাতেও ভাল ফল হয়েছে এ বারে আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় বলে জানালেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
আইসিএসইতে মেরি ইমাকুলেট স্কুলে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে ছাত্র প্রত্যয় দত্ত। ৯৯ শতাংশ নম্বর পেয়েছে সে। আইএসসিতে যুগ্মভাবে সম্ভাব্য প্রথম হয়েছে সমীপ ঘোষ এবং আলভীরা খান। তাঁরা উভয়ই ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন। আইসিএসইতে গীতারাম একাডেমিতে স্নেহার্ঘ কর্মকার সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে। ৯৭ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। আইএসসি তে সম্ভাব্য প্রথম হয়েছেন অন্বেষা মজুমদার। ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন অন্বেষা। ডন বস্কো স্কুলে আইসিএসইতে প্রথম হয়েছে সৌমি প্রামাণিক। ৯৯ শতাংশ নম্বর পেয়েছে সে বলে স্কুল কর্তৃপক্ষ জানায়।
প্রত্যয় বলে, ‘‘আমি দিনে ছ’ঘণ্টা পড়তাম। ব্যাডমিন্টন খেলতে ভাল লাগে। বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে।’’ আলভীরা বলে, ‘‘আমি পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বই পড়তে ভালবাসি। ভবিষ্যতে আইন নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে। দিনে চার থেকে পাঁচ ঘণ্টা পড়তাম। আমি মেরি ইমাকুলেট স্কুলেই পড়েছি এর আগে।’’ সমীপ বলে, ‘‘আমি পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসি। আমি ছোট থেকে এই স্কুলেই পড়েছি।’’ স্নেহার্ঘ চায় বিজ্ঞান নিয়েই পড়তে। দিনে প্রায় আট ঘন্টা পড়ত। সে বলে, ‘‘পড়ার পাশাপাশি তবলা শিখি আমি। আমার স্কুলের ফলও ভাল হয়েছে।" অন্বেষা বলে, ‘‘আমার আশানুরূপ ফল হয়েছে। নির্দিষ্ট সময় বেঁধে আমি পড়িনি। তবে ছ'থেকে আট ঘণ্টা পড়া হত। আমার স্কুলেও ভাল ফল হয়েছে। পড়ার পাশাপাশি আমি কবিতা লিখতে ভালবাসি।’’ মেরি ইমাকুলেট স্কুলের প্রিন্সিপাল জেসিন থা বলেন, ‘‘পরীক্ষার ফল ভাল হয়েছে। আইসিএসইতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল আমাদের স্কুলে ১৬৪ জন। আইএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ জন। সকলেই কৃতকার্য হয়েছে।’’