Humayun Kabir Nephew Arrested

প্রথম দফার ভোটের আগের রাতে গ্রেফতার হুমায়ুন কবীরের ভাইপো! কী বললেন এজেইউপি প্রধান?

রেজিনগর থানায় হুমায়ুনের ভাইপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০২:০৩
এজেইউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর।

এজেইউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। ফাইল চিত্র।

প্রথম দফার ভোটের আগের রাতে ধর্ষণের মামলায় গ্রেফতার তৃণমূলের নিলম্বিত বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের ভাইপো। বুধবার রাতে শক্তিপুর থেকে ভরতপুরের বিধায়কের ভাইপো রাজা শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রেজিনগর থানায় হুমায়ুনের ভাইপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে হুমায়ুন জানান, মিথ্যে মামলায় ভাইপোকে গ্রেফতার করা হয়েছে। তাঁর হুঁশিয়ারি, “থানা ঘেরাও করব।”

হুমায়ুন বলেন, “একটি মিথ্যে মামলায় আমার ভাইপো রাজা শেখকে গ্রেফতার করা হয়েছে। আমি এসপিকে ফোন করেছিলাম। আমাকে এসপি জানান, কোনও এক মহিলাকে দিয়ে আদালতে ১৬৪ ধারায় অভিযোগ করানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে তুলে নেওয়া হয়েছে। কালকের ভোটটাও তিনি দিতে পারবেন না। আরেক জন গিয়াস নামের ব্যক্তিকে ওসি অতনু দাস তাঁর বাড়ি থেকে তুলে এনেছে। আমি লোক পাঠিয়েছি। মামলা যদি থাকে, আমি মেনে নেব। যদি না থাকে, রাতেই শক্তিপুর থানা ঘেরাও করব।”

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। এই দফাতেই মুর্শিদাবাদে ভোট হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় ১৫২টি আসনে ভোটে লড়ছেন ১,৪৭৮ জন প্রার্থী। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে।

Advertisement
আরও পড়ুন