এই রেলগেটে উড়ালপুলের ভাবনা। বৃহস্পতিবার। রানাঘাটে। ছবি: সুদেব দাস।
রানাঘাট শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে রথতলা রেলগেটে (৫৭ নম্বর) উড়ালপুল নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখতে যৌথ পরিদর্শনে নামলেন পূর্ব রেলের আধিকারিক, রাজ্যের পূর্ত দফতর এবং রানাঘাট পুরসভার ইঞ্জিনিয়ারেরা। ফলে বহুদিনের জল্পনার অবসান হলেও প্রকল্প বাস্তবায়ন কবে হবে সে দিকেই তাকিয়ে রয়েছেন শহরের বাসিন্দারা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল, বিজেপি ও সিপিএম— তিন রাজনৈতিক দলই সেন্ট্রাল গেট (৫৬ নম্বর) ও রথতলা গেটের উপরে উড়ালপুল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রায় পাঁচ বছর কেটে গেলেও বাস্তবে কাজ শুরু হয়নি। বরং সময়ের সঙ্গে বেড়েছে ট্রেন চলাচল, আর তার জেরে আরও তীব্র হয়েছে যানজট।
প্রায় প্রতিদিনই বন্ধ রেলগেটের সামনে দীর্ঘ লাইনে আটকে পড়ে ছোট-বড় যানবাহন। অনেক সময় অ্যাম্বুল্যান্সও দাঁড়িয়ে পড়ে গেটের পশ্চিম পারে, যার ফলে রোগী নিয়ে হাসপাতালে পৌঁছতে দেরি হয়। বাসিন্দাদের অভিযোগ, গেট এক বার বন্ধ হলে পর পর ট্রেন চলাচলের কারণে অনেক সময় পাঁচ থেকে দশ মিনিটের বেশি খোলা থাকে না। সেই স্বল্প সময়েই তৈরি হয় দীর্ঘ যানজট।
রানাঘাট শহরের ২০টি ওয়ার্ডের মধ্যে সাতটি ওয়ার্ড রেলের পূর্ব দিকে। পাশাপাশি, রানাঘাট-২ ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েত ও কুপার্স পুরসভার বাসিন্দাদেরও হাসপাতাল, আদালত, মহকুমা প্রশাসনিক দফতর কিংবা ভূমি দফতরে যেতে এই রেলগেট পার হওয়া ছাড়া বিকল্প নেই। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সমস্যার মুখোমুখি হন।
পুরসভার ইঞ্জিনিয়ার সুদীপ্ত মুখোপাধ্যায় বলেন, “রেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গে যৌথ পরিদর্শন হয়েছে। উড়ালপুল তৈরির ক্ষেত্রে প্রাথমিক ভাবে তেমন বাধা আমাদের নজরে আসেনি।”