Accidental Death

ভিড় বাস থেকে ছিটকে রাস্তায়! নাতির নামকরণ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু দাদুর

লিশ জানিয়েছে, মৃতের নাম অভয় রায়। বয়স ৭৫ বছর। বীরভূমের রামপুরহাটের কালিসরা পাড়া এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, শমসেরগঞ্জের নিমতিতায় মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন অভয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৬

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নাতির নামকরণের অনুষ্ঠান শেষে সস্ত্রীক বাড়ির পথ ধরেছিলেন। উঠেছিলেন একটি সরকারি বাসে। চলন্ত বাস থেকে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। শনিবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানার ধলামোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম অভয় রায়। বয়স ৭৫ বছর। বীরভূমের রামপুরহাটের কালিসরা পাড়া এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, শমসেরগঞ্জের নিমতিতায় মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন অভয়। নাতির নামকরণের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্ত্রী লক্ষ্মী রায়কে নিয়ে। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার জন্য সাজুরমোড় থেকে একটি সরকারি বাসে ওঠেন দম্পতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসে প্রচণ্ড ভিড় থাকার কারণে বৃদ্ধ দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। ধলামোড়ের কাছাকাছি চালক ব্রেক কষেন। তাতে ভারসাম্য হারিয়ে বাস থেকে সোজা রাস্তায় গিয়ে পড়েন অভয়।

গুরুতর জখম হয়েছিলেন অভয়। তাঁকে উদ্ধার করে মহিশাইল হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। সঙ্গে ছিলেন বৃদ্ধের স্ত্রী। কিন্তু চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, মাথায় বড় চোট লেগেছিল তাঁর।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় সুতি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে তারা। সুতি থানার পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটির সন্ধান চালানো হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন