Nadia Incident

‘আপনার অস্ত্রোপচার সফল’! সেই মেসেজের সূত্র ধরে স্বাস্থ্যসাথী কার্ড জালিয়াতি ফাঁস নদিয়ায়

পুলিশ সূত্রে খবর, নদিয়া জেলার তেহট্ট থানা এলাকার নাজিরপুরের এটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ উঠেছে। ওই নার্সিংহোমের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৫:৪৭
One arrested for Swasthy Sathi card fraud in Nadia

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাঠে কাজ করতে করতে হঠাৎ মোবাইলে মেসেজ ঢুকল। কাজ ফেলে মোবাইল খুলে মেসেজবাক্স খোলেন নদিয়ার করিমপুর থানা এলাকার কিশোরপুরের এক বৃদ্ধ ছাত্তার আলি। দেখেন, স্ক্রিনের উপর ভেসে উঠেছে, ‘আপনার অস্ত্রোপচার সফল’। তবে সম্প্রতি তিনি কোনও অস্ত্রোপচার করাননি। এমনকি, কোনও হাসপাতালেও যাননি। সেই মেসেজের সূত্র ধরে প্রকাশ্যে এল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দুর্নীতির চক্র।

Advertisement

ওই বৃদ্ধের পরিবার সূত্রে খবর, মেসেজ দেখে তাঁর পুত্রেরা জালিয়াতির গন্ধ পান। খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। কিন্তু প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ সেই অভিযোগ মানতে নারাজ ছিলেন। তবে পরে চাপে পড়ে স্বীকার করেন। পুলিশ এসে ওই নার্সিংহোমের মালিককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালিয়ে নার্সিংহোমের অফিস থেকে উদ্ধার হয় প্রচুর স্বাস্থ্যসাথী কার্ড এবং সেই সংক্রান্ত একাধিক নথি। পুলিশ সূত্রে খবর, ওই চক্রের মাথা নার্সিংহোমের মালিক। এই প্রতারণা চক্রের সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, নদিয়া জেলার তেহট্ট থানা এলাকার নাজিরপুরের এটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ উঠেছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই বৃদ্ধের স্ত্রীর নামে থাকা স্বাস্থ্যসাথী কার্ডকে, আয়ুষ্মান ভারত কার্ডে পরিবর্তিত করে দেবেন বলে তাঁদের বাড়িতে এসেছিলেন চার মহিলা। সেই কাজ করার অজুহাতে মোবাইলটিও কিছু ক্ষণের জন্য নেন তাঁরা। বাড়ি ছাড়ার সময় ওই মহিলারা স্বাস্থ্যসাথী সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে চলে যান। তার ঘণ্টাখানেক পরেই ওই বৃদ্ধের মোবাইলে অস্ত্রোপচার সংক্রান্ত মেসেজ ঢোকে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই নার্সিংহোমে তল্লাশি চালিয়ে উদ্ধার অনেক স্বাস্থ্যসাথী কার্ড উদ্ধার হয়েছে। সেই সব কার্ড ব্যবহার করে মোটা অঙ্কের আর্থিক প্রতারণা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। স্থানীয়দের দাবি, ওই নার্সিংহোম দীর্ঘ এক বছর থেকে প্রায় বন্ধ। উদ্বোধনের পরে কিছুদিন এই নার্সিংহোম চললেও এখন এখানে আর কেউ আসেন না। একটি বন্ধ নার্সিংহোম দেখিয়ে সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ প্রকাশে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement
আরও পড়ুন