accident in Phulia

ফুলিয়ায় ডাম্পার এবং বোলেরোর সংঘর্ষে মৃত তিন! পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা

রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার দৌলা গ্রাম থেকে ২০ জনের একটি দল গাড়িতে চেপে বর্ধমানের জামালপুরে গিয়েছিলেন পুজো দিতে। সারা দিন সেখানে কাটিয়ে সোমবার রাতে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৫:০৯

— প্রতীকী চিত্র।

উৎসবের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হল। বর্ধমানের জামালপুরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে ফুলিয়ার চটকাতলায় দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের তিন জন। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। মঙ্গলবার গভীর রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। আহত হয়ে কয়েক জন রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার দৌলা গ্রাম থেকে ২০ জনের একটি দল গাড়িতে চেপে বর্ধমানের জামালপুরে গিয়েছিলেন পুজো দিতে। সারা দিন সেখানে কাটিয়ে সোমবার রাতে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

স্থানীয় বাসিন্দা এবং পুলিশ উদ্ধারকাজে নামে। আহতদের দ্রুত রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনের অবস্থার অবনতি হয়। তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়। সেখানে যাওয়ার পথে ওই ব্যক্তির মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পরে কয়েক জনকে ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েক জন এখনও রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাম্পার এবং গাড়িটিকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
আরও পড়ুন