Agricultural Project

কাল রাজ্য থেকে বহু কৃষি প্রকল্প চালু করবেন মোদী

কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের বক্তব্য, শনিবার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী পিএম-কিসান প্রকল্পের পরবর্তী কিস্তির অর্থ বিলি করবেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১০:০৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু হয়নি। শুভেন্দু অধিকারীর সরকার কেন্দ্রের সমস্ত প্রকল্প রাজ্যে চালু করবে বলে ঘোষণা করেছে। সেই নীতি মেনে আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা উদ্বোধন, ধনধান্য যোজনার মতো বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প চালু করতে চলেছেন।

কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের বক্তব্য, শনিবার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী পিএম-কিসান প্রকল্পের পরবর্তী কিস্তির অর্থ বিলি করবেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বিমা যোজনা-ও চালু হবে। দু’টি প্রকল্পে মোট ১২,২০০ কোটি বরাদ্দ রয়েছে। চলতি অর্থবর্ষে রাজ্যের ১.১০ কোটি কৃষকের প্রায় ৩০ লক্ষ হেক্টর জমি বিমার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রায় ২৮,৪১০ কোটি টাকা মূল্যের ফসল বিমার আওতায় আসবে। ওই দিন থেকে রাজ্যে কেন্দ্রের ধন-ধান্য যোজনা চালু হবে। এই প্রকল্পে দার্জিলিং, পুরুলিয়া, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম জেলায় কৃষি উৎপাদন বাড়ানো, ফসলে বৈচিত্র আনা, হিমঘর তৈরির কাজ হবে। রাজ্যে কৃষিপ্রযুক্তি প্ল্যাটফর্মও চালু হবে। যার ফলে সার বিলি, কিসান ক্রেডিট কার্ড, নগদ বিলি, ফসলের দাম, সরকারের ফসল কেনার মতো পরিষেবার জন্য একক ডিজিটাল মঞ্চ তৈরি হবে। প্রধানমন্ত্রী বাংলায় রাষ্ট্রীয় প্রাকৃতিক কৃষি মিশনের কাজেরও সূচনা করবেন। এই প্রকল্পে চলতি অর্থ বছরে ১৭,৩০০ হেক্টর জমিতে ৩৪৬ প্রাকৃতিক কৃষি ক্লাস্টার তৈরি হবে। গ্রাম সড়ক যোজনায় ৪৯টি সড়ক প্রকল্পেরও উদ্বোধন করবেন মোদী। হাওড়ায় নতুন রেলের হাসপাতালের শিলান্যাস ও সাঁকরাইল-সাঁতরাগাছি থার্ড লাইনের উদ্বোধনও করবেন।

আরও পড়ুন