WB Assembly Elections 2026

জেলা জুড়ে প্রার্থী নিয়ে গোলমাল কংগ্রেসেও 

ভোট ঘোষণা হয়ে গিয়েছে। অন্য সব দল প্রার্থী ঘোষণা করে দিলেও এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি কংগ্রেস।

শান্তশ্রী মজুমদার
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৮:৫৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির পরে কংগ্রেসের প্রার্থী বাছাই নিয়েও গোলমাল চরমে উঠল। বুধবার ওই গোলমালের সময় আইসিসির পর্যবেক্ষকের সামনেই ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। জেলার ছ’টি আসনে প্রার্থী দেওয়া নিয়ে কয়েকটি শাখা সংগঠনের সঙ্গে জেলা সভাপতির বিবাদ বাধে বলে কংগ্রেস সূত্রের খবর। যদিও, ধাক্কাধাক্কির কথা অস্বীকার করেন জেলা সভাপতি গোপাল দেব।

ভোট ঘোষণা হয়ে গিয়েছে। অন্য সব দল প্রার্থী ঘোষণা করে দিলেও এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি কংগ্রেস। এই পরিস্থিতিতেই ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী তথা দলের নির্বাচন পর্যবেক্ষক কৃষ্ণানন্দ ত্রিপাঠী এসেছিলেন দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে। অভিযোগ, সেখানে কিসান কংগ্রেসের জেলা সভাপতি রফিকুল আলি সরকার এবং অন্য অনগ্রসর শ্রেণী সভাপতি আশরাফুল ইসলামকে প্রাথমিক ভাবে ঢুকতে দেওয়া হয়নি। তাঁরা বলেন, ‘‘জেলার পাঁচটি আসনে যে প্রার্থীদের বাছা হয়েছে, তাঁদের অনেকেই চেনেন না। সে কথা পর্যবেক্ষককে বলতে গেলে দরজা বন্ধ করে দিয়ে আমাদের ধাক্কাধাক্কি করা হয়।’’

যদিও পরে তাঁরা পর্যবেক্ষকের সঙ্গে কথা বলেন। জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেবের দাবি, তিন মাস আগে থেকে বুথ, অঞ্চল এবং ব্লকের মাধ্যমে প্রার্থীদের নাম উঠে এসেছে। তখন শাখা সংগঠনের এই নেতারা যোগাযোগ করেননি। গোপাল বলেন ‘‘প্রথা মেনে, প্রদেশের মাধ্যমে এআইসির কাছে নাম পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত প্রার্থী তালিকা ঘোষণা হবে।’’ ধাক্কাধাক্কির অভিযোগ মিথ্যে বলে দাবি করেন গোপাল।

আরও পড়ুন