cooch behar airport

কোচবিহার-কলকাতার মধ্যে আবার শুরু হল উড়ান পরিষেবা! সপ্তাহে এক দিন মিলবে বিমান

কোচবিহার বিমানবন্দর সূত্রে খবর, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সপ্তাহের প্রতি বৃহস্পতিবার করে এক দিন বিমান পরিষেবা মিলবে। এর পর মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এই উড়ান পরিষেবা নিয়মিত হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৮
কোচবিহার বিমানবন্দর।

কোচবিহার বিমানবন্দর। — ফাইল চিত্র।

কোচবিহারে বৃহস্পতিবার থেকে আবার শুরু হল উড়ান পরিষেবা। সপ্তাহে এক দিন করে উড়বে বিমান। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার করে কলকাতা থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে কলকাতা ‘ইন্ডিয়া ওয়ান এয়ার’ সংস্থা তাদের বিমান চালাবে।

Advertisement

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ কোচবিহার বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এর পর বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ আবার যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে উড়ে যায়। বৃহস্পতিবার কলকাতা থেকে মোট তিনজন যাত্রী কোচবিহারে নামেন এবং কোচবিহার থেকে কলকাতায় যান মোট চার জন যাত্রী। ৮ জানুয়ারি যাত্রার পরে উড়ান বন্ধ ছিল। বিমান সংস্থা গত ৩১ জানুয়ারি পুরোপুরি ভাবেই পরিষেবা বন্ধের ঘোষণা করেছিল।

কোচবিহার বিমানবন্দর সূত্রে খবর, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সপ্তাহের প্রতি বৃহস্পতিবার করে এক দিন বিমান পরিষেবা মিলবে। এর পর মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এই উড়ান পরিষেবা নিয়মিত হবে। ৯ আসন বিশিষ্ট বিমানটির পরিষেবার মেয়াদ ভর্তুকি উড়ান প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার ১৮ মে পর্যন্ত বৃদ্ধি করেছিল। কিন্তু তার পরেও জানুয়ারি মাসে বিমান সংস্থা পরিষেবা বন্ধের ঘোষণা করে। তবে আবার বিমান পরিষেবা বৃহস্পতিবার থেকে শুরু হল।

বিমান পরিষেবা আবার চালু হওয়ায় খুশি কোচবিহারের ব্যবসায়ী মহল। জেলা ব্যবসায়িক সংগঠনের সম্পাদক সুরজ ঘোষ বলেন, ‘‘আমাদের ব্যবসায়িক কাজে এই পরিষেবা অত্যন্ত জরুরি। আমাদের সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং অসামরিক বিমানমন্ত্রীর কাছে বিমান পরিষেবা চালু রাখার জন্য চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়। তবে আমরা চাইব, এই পরিষেবা যেন আগের মতো প্রতি দিন চালু থাকে।’’

কোচবিহার বিমানবন্দর ডিরেক্টর শুভাশিস পাল জানান, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সপ্তাহে এক দিন কোচবিহার থেকে কলকাতার মধ্যে বিমান ওঠানামা করবে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে উড়ানের সংখ্যা বাড়বে। ১৮ মে পর্যন্ত এই প্রকল্পে ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার।

Advertisement
আরও পড়ুন