Siliguri

থানার বাইরে অভিযোগ শোনার শিবির করবেন মন্ত্রী

ক্যানসার নিয়ে কাজ করা একটি সংস্থার কর্মীরা ২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন পুর প্রতিনিধি ও বোরো চেয়ারপার্সন গার্গী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যালয় দখলের অভিযোগ করেছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০১:৩৮
সরাসরি শংকর কর্মসূচিতে অভিযোগ জানাতে মানুষের ভিড় শিলিগুড়ি মার্গারেট স্কুল।

সরাসরি শংকর কর্মসূচিতে অভিযোগ জানাতে মানুষের ভিড় শিলিগুড়ি মার্গারেট স্কুল। — নিজস্ব চিত্র।

শিলিগুড়িতে জমি দখল, অবৈধ নির্মাণ, নাগরিক পরিষেবার সমস্যা থেকে শুরু করে সংগঠনের কার্যালয় দখলের অভিযোগ নিয়ে বিধায়কের দ্বারস্থ হলেন শিলিগুড়ি শহর ও বিভিন্ন এলাকার বাসিন্দারা। রবিবার ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচিতে ওই সব অভিযোগ জানানো হয়। প্রধাননগর থানা এলাকার বহু অভিযোগ সামনে আসার পরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও এ দিন প্রশ্ন তোলেন বিধায়ক ও মন্ত্রী। তিনি প্রশ্ন করেন, ‘‘প্রধাননগর থানা কি কোনও কাজ করছে না?’’ শঙ্কর ঘোষ বলেন, ‘‘আগামী কয়েক দিনের মধ্যেই শিলিগুড়ি, প্রধাননগর, ভক্তিনগর থানার বাইরে পুলিশকে নিয়ে পৃথক শিবিরের আয়োজন করা হবে। সেখানে অভিযোগ জানানো সত্ত্বেও যাঁদের সমস্যার সমাধান হয়নি, তাঁদের বক্তব্য শোনা হবে এবং সমস্যার নিষ্পত্তির চেষ্টা করা হবে।’’

ক্যানসার নিয়ে কাজ করা একটি সংস্থার কর্মীরা ২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন পুর প্রতিনিধি ও বোরো চেয়ারপার্সন গার্গী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যালয় দখলের অভিযোগ করেছেন। যদিও গার্গীর দাবি ‘‘ওই সংস্থার বিরুদ্ধে আমাকে অনেকে অভিযোগ করেছিলেন। আমি কার্যালয়ের কাগজপত্র দেখতে চেয়েছিলাম। তা না দেখিয়ে কর্মীরা চলে যান। আমি কাউকে উচ্ছেদ করিনি।’’

অন্য দিকে, এক তৃণমূল নেতার বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ করা হয় এ দিন। অভিযোগকারী রামচন্দ্র আগরওয়াল বলেন, ‘‘দীর্ঘদিন ধরে শিলিগুড়ির সেবক রোড এলাকায় একটি অবৈধ নির্মাণ রয়েছে। বিষয়টি নিয়ে পুরসভায় একাধিকবার অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকী হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অবৈধ নির্মাণ ভাঙার ক্ষেত্রে প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি।’’ তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত ওই নেতা শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ। শিলিগুড়ি পুরসভার বিভিন্ন এলাকা এবং আশপাশের অঞ্চল থেকেও বহু বাসিন্দা এ দিন তাঁদের নানা সমস্যা নিয়ে হাজির হন।

আরও পড়ুন