কাচ ভাঙা গাড়ি। — নিজস্ব চিত্র।
কাচ-ভাঙা গাড়ি নিয়েই কোচবিহারে শুরু হল বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। নির্ধারিত সূচি মেনে বৃহস্পতিবার কোচবিহার রাসমেলা ময়দান থেকে ওই যাত্রা শুরু হয়। কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি চৌপতিতে পৌঁছোয় রথ। অন্য দিকে, আসানসোলের বারাবনি বিধানসভা এলাকার গৌরাণ্ডি অঞ্চলে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।
বুধবার রাতে কোচবিহারে বিজেপির রথ যে রাস্তা দিয়ে যায়, সেখানে এসআইআরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে তৃণমূল। দুই দলের দুই কর্মসূচিকে ঘিরে এলাকায় বেশ উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপির গাড়ির জানলার কাচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয় পুলিশ। তার পরে ওই এলাকা দিয়েই মাথাভাঙ্গার উদ্দেশে বৃহস্পতিবার যাত্রা করে বিজেপি। যাত্রা শুরুর সময়ে কোচবিহারে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সহ-সভাপতি নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়-সহ বিজেপির কোচবিহার জেলা কমিটির অন্যান্য সদস্যেরা।
১ মার্চ কোচবিহারের রাসমেলা ময়দানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতির নবীনের উপস্থিতিতে পরিবর্তন রথযাত্রা সূচনা হয়। দোল এবং হোলি উপলক্ষে মাঝে তিন দিন কোনও কর্মসূচি রাখা হয়নি। বৃহস্পতিবার সকালে বিজেপির দলীয় কার্যালয় থেকে রথযাত্রা শুরু হয়ে খাগড়াবাড়ি চৌপতি রাজারহাট পুন্ডিবাড়ি ঘোষকাডাঙ্গা হয়ে সিতাই ও শীতলকুচিতে যাত্রা শেষ করে পরিবর্তন যাত্রার রথ। শুক্রবার দেওয়ানহাট বলরামপুর তুফানগঞ্জ ও নাটাবাড়ি বিধানসভা পরিক্রমা করে রথ পৌঁছবে আলিপুরদুয়ার।
বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, ‘‘বুধবার রাতে তৃণমূল কর্মীরা চোরের মতো এসে আমাদের পরিবর্তন যাত্রার গাড়ির কাচ ভেঙে দিয়েছে। আমাদের কর্মসূচি ভণ্ডুল করতে আজও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল। কিন্তু তারা আমাদের আয়োজন দেখে ভয় পালিয়ে গিয়েছে।’’ বিজেপির এই পরিবর্তন যাত্রা নিয়ে কটাক্ষ করে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘বিজেপির এই রথ কিসের? সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদের প্রসার ঘটানোর জন্য গ্রামবাংলায় ঘুরে বেড়াচ্ছে। গ্রাম বাংলার মানুষ যদি বিজেপি-কে তিরস্কার করে, তা হলে তৃণমূলকে দোহাই দোষ দেবেন না।’’
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি জানান, বুধবার একটি রাজনৈতিক দলের গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
আসানসোলের বারাবনি বিধানসভা এলাকার গৌরাণ্ডি অঞ্চলে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাকে ঘিরে উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় কয়েক জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ তুলছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছাো পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।