মদন মিত্র। —ফাইল চিত্র।
মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে সেখানে তল্লাশি অভিযান চলে। রবিবার দুপুরে পুলিশ যখন মদনের বাড়িতে যায়, তখন সেটি তালাবন্ধ ছিল। বাড়িতে ছিলেন না মদন। তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ঘণ্টাখানেক তল্লাশির পর ফের তালাবন্ধ করে বেরিয়ে যায় তারা।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই বাড়িটির নাম ‘উদয় ভিলা’। সেখানে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনের একটি দলীয় কার্যালয় রয়েছে। অভিযোগ, যে জমির উপর বাড়িটি রয়েছে, সেটি একটি কেন্দ্রীয় সংস্থার। কী ভাবে কেন্দ্রীয় সংস্থার মালিকানাধীন জমিতে বাড়িটি তৈরি করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
রবিবার বেলা ১টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী ‘উদয় ভিলা’ চত্বরে ঢোকে। স্থানীয় সূত্রে খবর, এই বাড়িতে মাঝেমধ্যে থাকেন মদন। তবে তিনি এই বাড়ির মালিক কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, ঘণ্টাখানেকের তল্লাশির পর কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
মদনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, কামারহাটির বিধায়ক এখন দক্ষিণ কলকাতার বাড়িতে রয়েছেন। রবিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে বসছে তৃণমূলের পরিষদীয় দল। তৃণমূলের জয়ী ৮০ জন বিধায়কের মধ্য কত জন ওই বৈঠকে যোগ দেন, সে দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। ওই সূত্রের দাবি, এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই দক্ষিণ কলকাতায় রয়েছেন মদন।