Banglar Bari

বার্তা এলেও প্রকল্পের টাকা আসেনি, নালিশ

দুর্গাবতীর দাবি, মাস কয়েক আগে তাঁর মোবাইলে মেসেজ আসে যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা তাঁর অ্যাকাউন্টে জমা হয়েছে। খুশি হয়ে ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেন, কোনও টাকা ঢোকেনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০২:১৬

—প্রতীকী চিত্র।

বাংলার বাড়ি প্রকল্পে মঞ্জুর হওয়া টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে বলে মোবাইলে মেসেজ এলেও বাস্তবে টাকা আসেনি। এই মর্মে বুধবার পুরুলিয়ার জেলাশাসক ও বিডিও-র (বান্দোয়ান) কাছে লিখিত অভিযোগ জানালেন চিরুডি গ্রামের বাসিন্দা দুর্গাবতী সিং।

দুর্গাবতীর দাবি, মাস কয়েক আগে তাঁর মোবাইলে মেসেজ আসে যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা তাঁর অ্যাকাউন্টে জমা হয়েছে। খুশি হয়ে ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেন, কোনও টাকা ঢোকেনি। বিষয়টি নিয়ে ব্লক অফিসে জানাতে গেলে তাঁকে এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এরপরে বিভিন্ন জায়গায় তিনি বিষয়টি জানালেও সদুত্তর পাননি। মেসেজ এলেও টাকা না পেয়ে চিন্তায় পড়েছেন দুর্গবতী।

লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁর নামে বরাদ্দ টাকা কোথায় এবং কার অ্যাকাউন্টে ঢুকেছে, তার সঠিক তদন্ত হোক। একই সঙ্গে প্রাপ্য টাকা দ্রুত তাঁর অ্যাকাউন্টে জমা করার আর্জি জানিয়েছেন।

দুর্গাবতী বলেন, ‘‘এ বিষয়ে আমি একাধিক আধিকারিকের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কোনও সদুত্তর দিতে পারেননি। আমার জন্য বরাদ্দ হওয়া বাংলার বাড়ি প্রকল্পের টাকা যেন আমি নিজের অ্যাকাউন্টে ফেরত পাই। এটাই আমার আর্জি।’’ বান্দোয়ান ব্লক প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন