নানুরের কুড়গ্রামে। — নিজস্ব চিত্র।
বিজেপি নেতার বাড়ির সামনে পাওয়া গেল সাদা থান, রজনীগন্ধার মালা, ধূপকাঠি ও মিষ্টির প্যাকেট। বুধবার সকালে বীরভূমের নানুরের কুড়গ্রামে রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে থলেতে অন্ত্যেষ্টিক্রিয়ার এই জিনিসগুলি রাখা ছিল। কে বা কারা রেখেছে, জানা যায়নি। তবে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডলের সভাপতি রামকৃষ্ণ।
স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে রামকৃষ্ণের মা কাকলি মণ্ডল দরজা খুলতেই থলেটি দেখতে পান। ভিতরের জিনিসপত্র দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। কুড়গ্রামে অবশ্য এই ঘটনা নতুন নয়। দুয়ারে সাদা থান রাখা বাম আমলেও হয়েছে, দাবি এলাকার বিজেপি কর্মী বিপদতারণ মেটের। তিনি জানান, তাঁর প্রয়াত কাকা জয় মেটে ২০০৬-’০৭ সালে তৃণমূলের দাপুটে নেতা ছিলেন। তাঁর বাড়ির সামনেও সাদা থান রাখা হয়েছিল।
পালাবদলের পরে কখনও এমন ঘটেনি বলেই গ্রামবাসীরা জানাচ্ছেন। এ দিন দুপুরে উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে নানুর থানায় এসে লিখিত অভিযোগ করেন রামকৃষ্ণ। দাবি করেন, “সম্প্রতি আমার বাড়িতে বুথ বিজয় অভিযান-সহ দলের একাধিক কর্মসূচি পালন করেছি। আমরা বিজেপি করছি বলেই আতঙ্ক ছড়াতে এই কাজ করেছে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা।” বিজেপির বোলপুর সংগঠনিক জেলার সম্পাদক খোকন দাসের দাবি, “বামেরা এ ধরনের কাজ করত। এখন সে কাজই শুরু করেছে তৃণমূল। তবে আতঙ্ক তৈরির চেষ্টা সফল হবে না।”
অভিযোগ উড়িয়ে তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য ও জেলা সভাধিপতি কাজল শেখ বলেন, “প্রচারে আসার জন্য বিজেপিই এ কাজ করছে। বিধানসভা ভোটে লড়ার জন্য ওদের হাতে কোনও হাতিয়ার নেই।” নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির দাবি, “এটা দলের সংস্কৃতি নয়। প্রচারের আলোয় আসতে এই নাটক।” পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে।