Birbhum TMC

বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে ভাঙন! সদস্যপদ ছাড়লেন প্রাক্তন বিধায়ক আশিস, ইস্তফা জেলা কমিটির পদ থেকেও

দিন দুয়েক আগে একই পথে হেঁটেছিলেন লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ। কোর কমিটির সদস্যপদ ছাড়েন তিনি। এ বার রামপুরহাটের প্রাক্তন বিধায়কও কোর কমিটির সদস্যপদ ছাড়লেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৯:১৩
Ashish Banerjee resigns from TMC core committee membership in Birbhum

রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

এ বার বীরভূম। জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। শুধু তা-ই নয়, বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্যপদও ছাড়লেন তিনি। জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি।

Advertisement

দিন দুয়েক আগে একই পথে হেঁটেছিলেন লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ। কোর কমিটির সদস্যপদ ছাড়েন তিনি। লাভপুরের দু’বারের বিধায়কের অভিযোগ ছিল, বিধানসভা নির্বাচনে দায়িত্ব পালন করেনি কোর কমিটি। ফলাফল নিয়ে পর্যালোচনা হয়নি। সে কারণে কর্মীদের প্রশ্নের জবাবও দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, একই অভিযোগ তুলেছেন বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস। তাঁরও অভিযোগ, কোর কমিটি কাজ করেনি বা কাজ করছে না। দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে চিঠি পাঠিয়ে কোর কমিটি থেকে ইস্তফার কথা জানিয়েছেন আশিস।

গরু পাচার মামলায় তিহাড় জেলে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর অবর্তমানে সংগঠনের কাজ চালাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গড়ে দিয়েছিলেন। পরে সেই কমিটির আহ্বায়ক করা হয়েছিল অনুব্রতকে। সদস্য ছিলেন আশিস। এ বারও রামপুরহাট থেকে তাঁকে টিকিট দিয়েছিল তৃণমূল। কিন্তু বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে হেরে যান তিনি। তার পরে বীরভূমের কোর কমিটি এবং জেলা তৃণমূলের পদ ছাড়লেন বর্ষীয়ান নেতা।

Advertisement
আরও পড়ুন