Patrasayar

তালা শিশু উদ্যানে, অভিযুক্ত বিজেপি

পুরসভার সাফাইকর্মীরা উদ্যান পরিষ্কার না করেই ফিরে যান। শিশুদের খেলাধুলোর জায়গা এ ভাবে বন্ধ হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৯:৩৬
বিষ্ণুপুরে শিশু উদ্যানে তালা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

বিষ্ণুপুরে শিশু উদ্যানে তালা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নিজস্ব চিত্র।

পুরসভা পরিচালিত শিশু উদ্যানে তালা ঝোলানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার সকালের ঘটনা। বিষ্ণুপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে রয়েছে উদ্যানটি। এ দিন বিজেপির এক দল কর্মী-সমর্থক উদ্যানের প্রবেশপথে তালা ঝুলিয়ে দলীয় পতাকা লাগিয়ে দেন বলে দাবি। পুরসভার সাফাইকর্মীরা উদ্যান পরিষ্কার না করেই ফিরে যান। শিশুদের খেলাধুলোর জায়গা এ ভাবে বন্ধ হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ।

শিশু উদ্যানে কেন তালা? স্থানীয় বিজেপি কর্মী সন্দীপ কর্মকারের দাবি, “দীর্ঘদিন ধরে শিশুদের ওই পার্কে অসামাজিক কাজকর্ম চলছিল। খেলাধুলোর বিভিন্ন সামগ্রী নিয়ে পালানোর অভিযোগও উঠেছে। তাই এই ব্যবস্থা। পার্কে সুস্থ পরিবেশ বজায় রাখার আশ্বাস মিললেই ফের খুলে দেওয়া হবে শিশু উদ্যান।”

যদিও তৃণমূলের স্থানীয় পুর-প্রতিনিধি প্রিয়াংকা করঙ্গা বলেন , “ দু’টাকা টিকিট কেটে বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত শিশুরা খেলাধুলো করত ওই পার্কে। খেলার সরঞ্জাম কিছু ছিল না। দলীয়
কিছু পতাকা ও বাগান পরিষ্কার করার ঝুড়ি বার করার সময়ে কেউ দেখে এই সব বলছে। পুরসভাই লোক রেখে পার্ক পরিচালনা করছে। পার্কে তালা ঝোলানোর খবর বিষ্ণুপুর থানা ও পুরসভাকে জানানো হয়েছে। উদ্যান বন্ধ থাকলে এলাকার শিশুদেরই অসুবিধা হবে।”

যদিও বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি, “দলের তরফে এমন কোনও খবর নেই। পার্কটি শিশুবান্ধব নয় বলেই স্থানীয় মানুষ তালা দিয়ে থাকতে পারেন। খুব শীঘ্রই শিশু উদ্যানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে। উদ্যান বন্ধ করা বিজেপির সংস্কৃতি নয়।”

আরও পড়ুন