Madhyamik 2026

গ্রামের পাশে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল! পাত্রসায়রে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

চার মাস ধরে বাঁকুড়া জেলায় কাটিয়ে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে দফায় দফায় ফিরে যায় হাতির দল। কিন্তু তার পরেও ৩৩টি হাতি বিচ্ছিন্ন ভাবে রয়ে গিয়েছে বাঁকুড়া জেলার বিভিন্ন জঙ্গলে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৮
বাঁকুড়ার পাত্রসায়রের রাস্তায় ঘুরছে হাতি।

বাঁকুড়ার পাত্রসায়রের রাস্তায় ঘুরছে হাতি। — নিজস্ব চিত্র।

দলছুট হয়ে মঙ্গলবার সকালে ঢুকে পড়েছিল বাঁকুড়ার পাত্রসায়র ব্লকে। তার পরে মুড়াকাটা, কাঁঠালাঘাটা, রাধাবাজার এবং রামপুর গ্রাম লাগোয়া চাষের জমিতে রীতিমতো তাণ্ডব চালায় দাঁতাল হাতি। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ দিকে দাঁতালটি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসায় এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছোনোর জন্য গাড়ির ব্যবস্থা করে পাত্রসায়র থানার পুলিশ।

Advertisement

চার মাস ধরে বাঁকুড়া জেলায় কাটিয়ে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে দফায় দফায় ফিরে যায় হাতির দল। কিন্তু তার পরেও ৩৩টি হাতি বিচ্ছিন্ন ভাবে রয়ে গিয়েছে বাঁকুড়া জেলার বিভিন্ন জঙ্গলে। এর মধ্যে পাত্রসায়র রেঞ্জের নারায়ণপুর নতুনবাজার এলাকায় মঙ্গলবার সকালে এসে পড়ে একটি দলছুট দাঁতাল। সেটি লোকালয়ে এসে পড়তেই সাধারণ মানুষের তাড়া খেয়ে বিভ্রান্ত হয়ে তাণ্ডব চালাতে শুরু করে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মুড়াকাটা, কাঁঠালঘাটা, রাধাবাজার, রামপুর-সহ লাগোয়া আলুর জমিতে।

মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে কী ভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোবে, তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। ঘটনার খবর পেয়ে তৎপর হয় পাত্রসায়র থানার পুলিশ। উপদ্রুত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে তড়িঘড়ি গাড়ির ব্যবস্থা করে তারা। পাশাপাশি হাতিটির গতিবিধির উপর নজরদারি চালানোর জন্য কর্মীদের মোতায়েন করে বন দফতর।

Advertisement
আরও পড়ুন