Bankura TMC Leaders Arrest

চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা এবং হুমকি! বাঁকুড়ার তৃণমূল নেতা ভাইজানকে গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, হুমকি দেওয়া-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৬:১১
Bankura TMC Leaders Arrest

পুলিশের গাড়িতে ধৃত তৃণমূল নেতা ভাইজান আলি মণ্ডল। —নিজস্ব চিত্র।

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের এক নেতা। ঘটনাস্থল সেই বাঁকুড়া।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভাইজান আলি মণ্ডল নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। ধৃত ভাইজান ওন্দা ব্লকের চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য তিনি। রবিবার ভাইজানকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করে পুলিশ।

এলাকায় যথেষ্ট প্রভাব ছিল ওই তৃণমূল নেতার। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চাকরি করে দেওয়ার নাম করে এক জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারী জানিয়েছেন, তৃণমূল নেতার দাবি মতো টাকা দিয়েছেন। কিন্তু চাকরি আর হয়নি। আবার টাকা ফেরতও দেননি তৃণমূল নেতা। বরং টাকা চাইলে তৃণমূল নেতা ভাইজান প্রথমে টালবাহানা শুরু করেন। শেষের দিকে নানা হুমকি দিতে থাকেন তিনি। এটা ভোটের আগের কথা। তখন ভয়ে থানায় অভিযোগ করেননি বলে জানিয়েছেন অভিযোগকারী। সম্প্রতি ওন্দা থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানান ওই চাকরিপ্রত্যাশী। তার তদন্তে নেমে শনিবার রাতে ওন্দা থানার পুলিশ তৃণমূল নেতা ভাইজানকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, হুমকি দেওয়া-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। আদালতে যাওয়ার পথে তাঁর বিরুদ্ধে জঅভিযোগ বা গ্রেফতারি, কোনও কিছু নিয়েই মুখ খুলতে চাননি তৃণমূল নেতা।

Advertisement
আরও পড়ুন