Suvendu on Municipality Service

পুর-পরিষেবায় প্রশ্ন, ভাবনা সরকারের

রাজ্যে দল ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেই নানা কারণে তৃণমূলের পুর-প্রতিনিধি, পঞ্চায়েত সদস্যদের অনেককেই এলাকায় দেখা যাচ্ছে না বলে নানা জেলা থেকেই অভিয‌োগ আসছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৮:৩৯
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

রাজ্যে পালাবদলের পরে বহু জায়গায় পুর-প্রতিনিধি থেকে পঞ্চায়েত সদস্যদের দেখা মিলছে না বলে এলাকাবাসীর বড় অংশের পর্যবেক্ষণ। স্থানীয় প্রশাসনের কাজকর্ম, পরিষেবা নিয়ে এই মুহূর্তে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের কথা ভাবছে রাজ্য সরকার।

বেশির ভাগ পুরসভা, পঞ্চায়েত এখনও তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। কিন্তু রাজ্যে দল ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেই নানা কারণে তৃণমূলের পুর-প্রতিনিধি, পঞ্চায়েত সদস্যদের অনেককেই এলাকায় দেখা যাচ্ছে না বলে নানা জেলা থেকেই অভিয‌োগ আসছে। বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছিল মাসের প্রথম দিকে, ৪ তারিখ। পরিস্থিতি এমনই যে, বেশ কিছু জায়গায় পুর-প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ লোকজনের দেখা না-মেলায় পুরকর্মীদের বকেয়া টাকা পর্যন্ত মেটানো যাচ্ছে না বলে অভিযোগ। পাশাপাশি, জঞ্জাল সাফাই-সহ নানা জরুরি পরিষেবার ক্ষেত্রেও ঘাটতি দেখা যাচ্ছে বলে এলাকাবাসীর অভিজ্ঞতা।

বিষয়টি নিয়ে তৎপর হয়েছে নবগঠিত রাজ্য সরকার। ইতিমধ্যেই বিষয়টি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের নজরে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “পঞ্চায়েত, পুরসভা এলাকায় পরিষেবার কাজ কোনও ভাবেই বন্ধ রাখা যাবে না। সরকার বিষয়টি দেখবে এবং পরিষেবা নিশ্চিত করা হবে।” কিন্তু এই পরিষেবার কাজ স্থানীয় প্রশাসনই করে, যা এই মুহূর্তে ঠিক মতো কাজ করছে না। মুখ্যমন্ত্রীর অবশ্য বক্তব্য, “ইতিমধ্যেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে বিষয়টি দেখতে বলা হয়েছে। দ্রুত এই নিয়ে পদক্ষেপ করা হবে।” সূত্রের ইঙ্গিত, সপ্তাহের শুরুতেই মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারে সরকার।

আরও পড়ুন