আমেরিকায় এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত।
প্রদর্শনী চলাকালীন মাঝআকাশে ধাক্কা খেল দুই মার্কিন যুদ্ধবিমান। আমেরিকার আইডাহো প্রদেশে রবিবার দুপুরে (স্থানীয় সময় অনুযায়ী) দুর্ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের পরে একসঙ্গে মাটিতে আছড়ে পড়ে দুই যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দুই যুদ্ধবিমান আছড়়ে পড়ার আগেই পাইলটেরা সেগুলি থেকে বেরিয়ে যান।
আইডাহোয় মাউন্টেন হোম বায়ুসেনা ঘাঁটিতে একটি এয়ার শো (প্রদর্শনী) চলছিল। ওই প্রদর্শনী চলাকালীনই মার্কিন নৌবাহিনীর ‘ইএ-১৮জি গ্রোলার’ যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। বায়ুসেনা ঘাঁটি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মাটিতে আছড়ে পড়ে সেগুলি। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাঝ-আকাশে উড়তে উড়তে হঠাৎই খুব কাছাকাছি চলে আসে দুটি বিমান। পরের মুহূর্তেই দু’টির মধ্যে সংঘর্ষ হয় এবং আকাশে একসঙ্গে পাক খেতে শুরু করে সেগুলি। বিমান থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোতেও দেখা যায়। পাক খেতে খেতে দ্রুত নীচের দিকে নামতে থাকে বিমানগুলি। ওই সময়েই দেখা যায়, দুই বিমান থেকে চারটি প্যারাশুট বেরিয়ে আসে। পরে নৌসেনার তরফে জানানো হয়, চার জন পাইলটই নিরাপদ রয়েছেন।
পাইলটেরা বিমান থেকে বেরিয়ে যাওয়ার পরক্ষণেই সেগুলি আছড়ে পড়়ে মাটিতে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় এবং আগুনের কুণ্ডলী ছড়়িয়ে পড়ে আকাশে। কী ভাবে এই বিপত্তি ঘটল, কেন হঠাৎ দু’টি বিমান এত কাছাকাছি চলে এল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে। তবে মাউন্টেন হোমে এয়ার শো চলাকালীন বিপত্তি অতীতেও ঘটেছে। ২০১৮ সালে এয়ার শো চলাকালীন রানওয়েতে আছড়ে পড়েছিল একটি বিমান। তাতে এক পাইলটের মৃত্যু হয়েছিল। ২০০৩ সালেও এয়ার শো চলাকালীন একটি বিমান আছড়ে পড়েছিল। সেই বার বিমান আছড়ে পড়ার ঠিক আগের মুহূর্তে বিমানটি থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন পাইলট।
রবিবারের এই দুর্ঘটনা নিয়ে এখনই বিশদে কোনও মন্তব্য করতে চাইছেন না মার্কিন নৌসেনার আধিকারিকেরা। নৌবাহিনীর মুখপাত্র অ্যামেলিয়া ইমায়ম জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে কোনও তথ্য পাওয়া গেলে শীঘ্রই তা জানানো হবে।