Who Is Pavala Shyamala

টাকা না থাকায় ফেরাল হাসপাতাল, মাঝরাস্তা থেকে উদ্ধার পুলিশের, অভিনেত্রীর সাহায্যে এগিয়ে এলেন কে?

১৯৮৫ সাল থেকে একাধিক বড় ছবিতে সহ-অভিনেত্রী হিসাবে কাজ করে আসছেন বর্ষীয়ান অভিনেত্রী পাবলা শ্যামল। এই কঠিন পরিস্থিতিতে পাশে পেলেন প্রযোজক দিল রাজুকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১০:২১
প্রবল অর্থকষ্টে প্রবীণ অভিনেত্রী।

প্রবল অর্থকষ্টে প্রবীণ অভিনেত্রী। — প্রতীকী চিত্র।

দীর্ঘদিন ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত। কিন্তু, প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন। এমনই অবস্থা, টাকা না থাকায় ফিরিয়ে দিয়েছে হাসপাতালও। এমনই দারিদ্রে দিন কাটছে প্রবীণ তেলুগু অভিনেত্রী পাবলা শ্যামলের। ১৯৮৫ সাল থেকে একাধিক বড় ছবিতে সহ-অভিনেত্রী হিসাবে কাজ করে আসছেন। এই কঠিন পরিস্থিতিতে পাশে পেলেন প্রযোজক দিল রাজুকে।

Advertisement

সম্প্রতি হৃদ্‌রোগের চিকিৎসার জন্য শ্যামল একটি বেসরকারি হাসপাতালে যান। কিন্তু, অর্থের অভাবে তাঁকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। হাসপাতাল থেকেই নাকি একটি ট্যাক্সিতে তুলে দেওয়া হয় তাঁকে। সেই ট্যাক্সিচালকও নাকি তাঁকে মাঝরাতে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যান। পথচারীরা তাঁকে অসহায় অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এর পর পুলিশই তাঁকে উদ্ধার করে ‘আরকে ফাউন্ডেশন’-এ নিয়ে যায়।

অর্থকষ্টে দিন কাটাচ্ছেন প্রবীণ অভিনেত্রী পাবলা  শ্যামল।

অর্থকষ্টে দিন কাটাচ্ছেন প্রবীণ অভিনেত্রী পাবলা শ্যামল। ছবি: সংগৃহীত।

এই ঘটনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রযোজক ও ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান দিল রাজু সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি নিজের সহকারী দলকে হাসপাতালে পাঠান, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শ্যামলের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। সাম্প্রতিক একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, শ্যামল ও তাঁর মেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। প্রযোজক ও তাঁর সহকারী দলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। ‘আরকে ফাউন্ডেশন’-এর তরফে খবর, গত দুই-তিন বছর ধরে বিনামূল্যে সেখানে শ্যামলের চিকিৎসা চলছিল। তবে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ না থাকায় তাঁকে বাইরের হাসপাতালে যেতে হয়েছিল।

উল্লেখ্য, এর আগেও একাধিক বার আর্থিক সমস্যায় পড়েন এই অভিনেত্রী। ২০২৫ সালের ডিসেম্বরেও জানা যায়, গুরুতর অসুস্থতা ও অর্থকষ্টে তিনি ও তাঁর মেয়ে বিপর্যস্ত। এমনকি তাঁরা যেখানে থাকতেন, সেখান থেকেও বার করে দেওয়া হয়। রাস্তায় এসে বসেন মা-মেয়ে। পুলিশ তাঁদের উদ্ধার করে ওই আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। তার আগে ২০২১ সালে পরিচালকজুটি রাজ ও ডিকে সমাজমাধ্যমে শ্যামলের জন্য সাহায্যের আবেদন জানান এবং তহবিল সংগ্রহ করেন। তখনই জানা যায়, তাঁর মেয়ে যক্ষ্মায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। পরিস্থিতির চাপে তিনি নিজের পুরস্কার ও ট্রফিও বিক্রি করে দেন বলে শোনা যায়। এ ছাড়াও চিরঞ্জীবী, পবন কল্যাণ ও অল্লু অর্জুনের মতো তারকারা তাঁকে অনেক সময়েই সাহায্য করেছেন। ‘গোলিমার’, ‘বর্ষম’, ‘অন্ধ্রওয়ালা’র মতো একাধিক ছবিতে কাজ করেছেন পাবলা শ্যামল। সাধারণত কমেডি ঘরানার চরিত্রের জন্যই পরিচিত তিনি।

Advertisement
আরও পড়ুন