ছবি: (এআই সহায়তায় প্রণীত)
সংখ্যাতত্ত্ব অনুযায়ী, কোনও ব্যক্তির জন্মসংখ্যা তাঁর চরিত্রের উপর গভীর প্রভাব ফেলে। কোনও জন্মসংখ্যার জাতক-জাতিকা অত্যন্ত সরল মনের হন। তাঁদের কাছে দুনিয়া শুধুমাত্র সাদা এবং কালো। ধূসরতার কাছেপিঠে তাঁদের দেখা যায় না। অন্য দিকে, কোনও ব্যক্তি এতটাই ধূসর চরিত্রের হন যে, কূটনীতিকে এক ধরনের শিল্পের পর্যায়ে নিয়ে যান তাঁরা। মিষ্টি স্বভাবের আড়ালে পটুতার সঙ্গে লুকিয়ে রাখেন ধারালো ‘অস্ত্র’। সুযোগ পেলে পিঠে ছুরি বসাতে বিন্দুমাত্র হাত কাঁপে না তাঁদের। সংখ্যাতত্ত্ব অনুসারে, কোন জন্মসংখ্যার জাতক-জাতিকারা কূটনীতিতে পারদর্শী তা নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—
জন্মসংখ্যা ২
সংখ্যাতত্ত্বে ২ সংখ্যার অধিপতি হল চন্দ্র। এই জন্মসংখ্যার ব্যক্তিরা কূটনীতিতে সবচেয়ে পারদর্শী হন। এঁরা সাধারণত শান্তিপ্রিয় স্বভাবের হন এবং বিবাদ এড়িয়ে চলতে ভালবাসেন। দু’জন ভিন্ন মতাদর্শের ব্যক্তির মধ্যে চমৎকার সেতুবন্ধন তৈরি করতে পারেন। অত্যন্ত নম্র এবং মিষ্টভাষী হওয়ার কারণে আখের গুছিয়ে নেওয়া তাঁদের কাছে খুব সহজ হয়।
জন্মসংখ্যা ৫
৫ সংখ্যার অধিপতি হল বুধ, যা বুদ্ধিমত্তা এবং যোগাযোগ স্থাপনের গ্রহ। এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং যে কোনও পরিবেশে মানিয়ে নিতে পারেন। বাক্পটুতা এবং উপস্থিত বুদ্ধির দরুন প্রতিপক্ষকে সহজে প্রভাবিত করার সহজাত ক্ষমতা থাকে। এই ধরনের ব্যক্তি আন্তর্জাতিক সম্পর্ক বা ব্যবসায়িক স্তরের কূটনীতিতেও সফল হন।
জন্মসংখ্যা ৬
৬ সংখ্যার অধিপতি হল শুক্র। শুক্রকে প্রেম, সৌন্দর্য এবং সামাজিক সম্পর্কের প্রতীক হিসাবে গণ্য করা হয়। এই ধরনের ব্যক্তি সামাজিক বৃত্তে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। প্রতিপক্ষের মনস্তত্ত্ব বুঝে তাঁরা চাল চালতে পারেন। বিবদমান পরিস্থিতিতে সকলকে খুশি করার মতো সমাধান বার করতে তাঁরা সিদ্ধহস্ত।
জন্মসংখ্যা ৭
৭ জন্মসংখ্যার ব্যক্তিদের উপর কেতুর প্রভাব থাকে। এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা শান্ত এবং ভাল পর্যবেক্ষক হন। তাঁরা বেশি কথা বলেন না, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে থাকেন। সব কিছু বুঝেশুনে নীরবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারদর্শী হন।
জন্মসংখ্যা ৮
৮ জন্মসংখ্যার ব্যক্তিরা অত্যন্ত ধৈর্যশীল হন। প্রাতিষ্ঠানিক কূটনীতিতে তাঁরা নিজের লাভের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারেন। বড় সাফল্য অর্জন করতে নীরবে নিজেদের স্বার্থ চরিতার্থ করায় পটু হন।