আইপ্যাক মামলার শুনানি পিছোল সুপ্রিম কোর্টে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট জানায়, মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানি হচ্ছে না। পরবর্তী শুনানি কবে, তার দিন ক্ষণও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
সোমবার নির্দেশিকা জারি করে বিচারপতি মিশ্র এবং বিচারপতি অঞ্জরিয়ার বেঞ্চ জানায়, আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ ২২ এপ্রিল এই মামলার শুনানি হবে। ওই দিন কোর্ট বসার শুরুতেই মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে। ঘটনাচক্রে, তার পরের দিনই অর্থাৎ ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হবে।
গত ২৪ মার্চ আইপ্যাক মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ওই দিন আইপ্যাক এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা সওয়াল করেন। শুনানি শেষে আদালত জানিয়েছিল, ১৪ এপ্রিল থেকে পর পর তিন দিন টানা আইপ্যাক মামলার শুনানি হবে। ওই তিন দিন সব পক্ষের বক্তব্য শুনবে আদালত। কিন্তু সোমবারের নির্দেশিকায় শুনানির দিন পরিবর্তনের কথা জানাল শীর্ষ আদালত।
কেন শুনানি পিছিয়ে দেওয়া হল? মঙ্গলবার অর্থাৎ, ১৪ এপ্রিল অম্বেডকর জয়ন্তীর জন্য বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট। সেই কারণে মঙ্গলবারের পরিবর্তে আইপ্যাক মামলার শুনানির নতুন দিন জানাল শীর্ষ আদালত।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি সকালে বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার সূত্রে কলকাতায় জোড়া অভিযান চালিয়েছিল ইডি। একটি দল গিয়েছিল সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতরে। অন্য দলটি গিয়েছিল লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। আইপ্যাক রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা। তাদের দফতরে ইডির হানার কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন। অভিযোগ, ইডির তল্লাশি চলাকালীনই প্রতীকের বাড়িতে ঢুকে নথিপত্র, ফাইল এবং ল্যাপটপ বার করে আনেন তিনি। পরে সল্টলেকে সংস্থার দফতরে গিয়েও একই কাজ করেন। এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি।