সুপ্রিম কোর্ট। — ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে রাজ্য পুলিশকে আবার কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার তারা কড়া পদক্ষেপ করার কথাও বলেছে। রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি বজায় না-রাখতে পারলে রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে বলে জানাল শীর্ষ আদালত। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ নিয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশও দিয়েছে। এর আগের শুনানিতে রাজ্য পুলিশের ডিজিকে শো কজ় করেছিল সুপ্রিম কোর্ট।
শুক্রবারের শুনানিতে কমিশন আদালতে সওয়াল করে জানায়, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সুপ্রিম কোর্ট জানায়, এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে, তা আগামী শুনানিতে ডিজি-কে হলফনামা দিয়ে জানাতে হবে। পরবর্তী শুনানি পর্যন্ত রাজ্যে আইনশৃঙ্খলার নতুন করে অবনতি ঘটলে হলফনামায় তা-ও জানাতে হবে। মার্চের প্রথম সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার।
শীর্ষ আদালত আরও জানায়, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় না-রাখতে পারলে রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। ডিজির আইনজীবী সওয়াল করে জানান, কমিশন অসত্য বলছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত কমিশনকে প্রশ্ন করে জানান, পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা যাচ্ছে না? কমিশন জানায়, আদালতে মামলাটি বিচারাধীন থাকায় এ নিয়ে তারা দ্বিধাগ্রস্ত। এসআইআরের কাজ করানোর জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনার পরামর্শও দেয় কমিশন। সুপ্রিম কোর্ট জানায়, রাজ্য পুলিশের ডিজি এবং সংশ্লিষ্ট জেলাশাসক আদালতের নির্দেশ কার্যকর করার জন্য বিশেষ দায়িত্বে থাকবেন।
এসআইআরের কাজে কমিশন এবং রাজ্য উভয়ের ভূমিকাতেই শুক্রবার অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি ছিল। আদালত জানায়, রাজ্যের ভূমিকায় তারা হতাশ। রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। এর পরেই কলকাতা হাই কোর্টকে এসআইআরের কাজের জন্য কয়েক জন আধিকারিক নিযুক্ত করার অনুরোধ করেন। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতি রাজ্য সরকার তৈরি করেছে, যেখানে বিচারবিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন।’’
এর আগের শুনানিতে ডিজি-কে শো কজ় করেছিল সুপ্রিম কোর্ট। রাজ্যের কিছু জায়গায় এসআইআর সংক্রান্ত আপত্তি জানানোর ফর্ম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই নিয়ে এখনও এফআইআর দায়ের হয়নি কেন, সেই প্রশ্ন তুলেই শো কজ় করা হয়েছিল। পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন সেই হলফনামা রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে জমা দিতে বলা হয়েছিল।