(বাঁদিক থেকে) জ্ঞানেশ কুমার, মহুয়া মৈত্র, সামিরুল ইসলাম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আগামী সোমবার (৯ মার্চ) দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের জন্য শুক্রবার তিন সদস্যের প্রতিনিধিদলের নাম ঘোষণা করল তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, লোকসভা সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলামের নাম কমিশনে পাঠানো হয়েছে তৃণমূলের তরফে।
প্রসঙ্গত, আগামী ৮ মার্চ (রবিবার) রাতেই কলকাতায় চলে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পাশাপাশি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী থাকছেন ওই দলে। আগামী সোম (৯ মার্চ) এবং মঙ্গলবার (১০ মার্চ) শহরে তাঁদের ঠাসা কর্মসূচি রয়েছে। আলাদা ভাবে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ। বৈঠক করবে প্রশাসন এবং পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গেও।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ এখনও চলছে পশ্চিমবঙ্গে। তার মধ্যেই কমিশনের ফুল বেঞ্চের আগমনে ভোটের দামামা বেজে উঠেছে রাজ্যে। কমিশনের ফুল বেঞ্চের সূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের পৃথক ভাবে বৈঠক হবে। ১২টা ৪৫ মিনিট নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল কমিশনের ফুল বেঞ্চের সামনে পরিস্থিতি ব্যাখ্যা করবেন। কমিশনের প্রতিনিধিরা বলবেন তার পর। ওই দিনই বেলা ১টা ১৫ মিনিট থেকে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থার সঙ্গে কমিশন বৈঠক করবে। থাকবেন মোট ২৪টি সংস্থার প্রধান। এ ছাড়া, ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক হবে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও। সোমবার বিকেল পর্যন্ত ওই বৈঠক চলবে।
মঙ্গলবারও কমিশনের ফুল বেঞ্চের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে এবং প্রশাসনের অন্য সিনিয়র আধিকারিকেরা মঙ্গলবারের বৈঠকে থাকবেন। সকাল সাড়ে ১০টা থেকে সেই বৈঠক শুরু হবে। বেলা সাড়ে ১২টা থেকে বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) সঙ্গে কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ। হবে সাংবাদিক বৈঠকও। কমিশনের ফুল বেঞ্চে জ্ঞানেশদের সঙ্গে থাকছেন সিনিয়র ডেপুটি কমিশনার মনীশ গর্গ, পবনকুমার শর্মা, জ্ঞানেশ ভারতী, ডিরেক্টর জেনারেল আশিস গোয়েল, প্রধান সচিব এসবি জোশি, ডিরেক্টর মনোজ সি, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল, ডেপুটি ডিরেক্টর পি পবন এবং সচিব অপূর্বকুমার সিংহ। মঙ্গলবার মধ্যাহ্নভোজের পর দিল্লি ফিরে যাওয়ার কথা জ্ঞানেশদের।