গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে আজ সকালে নিউটাউনের কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গ বিধানসভার এক অনুষ্ঠানে হাজির হবেন তিনি। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। সেই অনুষ্ঠান সেরেই দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি। শিলিগুড়ি পৌঁছে একটি প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। সেই বৈঠক সেরেই আবার বিকেলের বিমানে কলকাতায় ফেরার কথা তাঁর।
২০২৫ সালের ২১ জুলাই শহরের মূল রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সে বিষয়ে কলকাতা হাই কোর্ট নোটিস দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ২০১৮ সালে হাই কোর্ট জানিয়েছিল, শহরের কোনও বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে ২০২৫ সালে শহিদ দিবসের সভা করে তৎকালীন ক্ষমতাসীন দল। শুক্রবার হাই কোর্টে এই মামলার শুনানি হবে। রাস্তা আটকে সভা করার বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে মমতা, অভিষেককে।
আজ রাত ও কাল সকাল মিলিয়ে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের প্রথম রাউন্ডের শেষ চারটি ম্যাচ। আজ নামছেন লিয়োনেল মেসি। তাঁর আর্জেন্টিনা খেলবে কাবো ভার্দের সঙ্গে। খেলা রাত ৩:৩০ থেকে। তার আগে আজ সকাল ৮:৩০ থেকে রয়েছে সুইৎজারল্যান্ড বনাম আলজিরিয়া ম্যাচ। এরপর অস্ট্রেলিয়া বনাম মিশর ম্যাচ রাত ১১:৩০ থেকে। কাল সকাল ৭টা থেকে কলম্বিয়া বনাম ঘানা ম্যাচ। চারটি খেলাই দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।
পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এ ছাড়া একটি অক্ষরেখাও রয়েছে। দুইয়ের প্রভাবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।