News Of The Day

বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ। রাজ্যের ডিএ মামলার রায় ঘোষণা। আইপিএল কার। আর কী

বিধানসভায় বাজেট পেশ, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, মল্লিকার্জুন খড়্গের ঘরে বৈঠক, টি-টোয়েন্টি বিশ্বকাপের খবর, মেয়েদের আইপিএলের ফাইনাল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৬
গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বারের সরকারের এটাই শেষ বাজেট। আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস বাজেট বক্তৃতা করবেন। তার পর মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন পাবে। সেই বাজেট অনুমোদনের পর তা বিধানসভায় পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আজ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সকাল সাড়ে ১০টা নাগাদ রায় ঘোষণা করবে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ রায় ঘোষণা করবে। এর আগে ২০২২ সালে কলকাতা হাই কোর্ট কেন্দ্রীয় হারে ৩১ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিল। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত বছর ৮ সেপ্টেম্বর ওই মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। এত দিন রায় ঘোষণা স্থগিত ছিল। আজ ডিএ মামলায় সুপ্রিম কোর্ট কী রায় সে দিকে নজর থাকবে।

তুমুল বিক্ষোভের জেরে বুধবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ বাতিল হয়ে গিয়েছে। তিনি বলার আগেই মুলতুবি করে দিতে হয়েছে সভা। বৃহস্পতিবার এই নিয়ে সংসদের দুই কক্ষেই তীব্র বাদানুবাদের সম্ভাবনা রয়েছে। কৌশল ঠিক করতে আজ সকাল ১০টায় সংসদে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের ঘরে বৈঠকে বসতে চলেছে বিরোধীরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রোজ নতুন নাটক, নতুন বিতর্ক তৈরি হচ্ছে। আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে ঠান্ডা লড়াই ক্রমশ বাড়ছে। বরফ গলার ন্যূনতম সম্ভাবনাও দেখা যাচ্ছে না আপাতত। শুধু একটা জিনিসই নিশ্চিত যে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে সব পক্ষই। সমস্যার সমাধান কি হবে? না কি আজ আবার নতুন নাটক তৈরি হবে? থাকছে সব খবর।

আজ মেয়েদের আইপিএলের ফাইনাল। মুখোমুখি জেমাইমা রদ্রিগেজ়ের দিল্লি ক্যাপিটালস এবং স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতি বছরই ফাইনালে উঠেছে দিল্লি। কিন্তু কোনও বারই শেষরক্ষা হয়নি। দু’বার হেরেছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে, এক বার বেঙ্গালুরুর কাছে। এ বার কি শিকে ছিঁড়বে? অন্য দিকে দ্বিতীয় বার ট্রফি জেতার সুযোগ বেঙ্গালুরুর। ছেলেদের আইপিএলে গত বার বেঙ্গালুরুই চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম বারের জন্য আইপিএল জিতেছে তারা। বিরাট কোহলিদের পর কি মেয়েরাও ট্রফি জিততে পারবে? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমে ঊর্ধ্বমুখী। সকালের দিকে কোথাও কোথাও শীতের আমেজ পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা উধাও হচ্ছে। বুধবারও কলকাতার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, স্বাভাবিকের চেয়ে যা ১.২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রায় বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই।

Advertisement
আরও পড়ুন