News Of The Day

সুপ্রিম কোর্টে এসআইআর ও মালদহ মামলা। নীলবাড়ির লড়াই। বিজেপির প্রতিষ্ঠা দিবস। ইডেনে কেকেআর। আর কী

আজকে বিবেচনাধীন নিষ্পত্তির কাজ শেষ হওয়ার কথা। আবার আজকেই প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই অবস্থায় সুপ্রিম কোর্ট কী জানায় সে দিকে নজর থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ সুপ্রিম কোর্টের রাজ্যের বিশেষ নিবিড় সংশোধন মামলার শুনানি রয়েছে। বিকেল চারটেয় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি রয়েছে। রবিবার বিকেল পর্যন্ত ৫৮ লক্ষ ৬ হাজার ‘বিবেচনাধীন’ ভোটারের নিষ্পত্তি হয়েছে। আজকে বিবেচনাধীন নিষ্পত্তির কাজ শেষ হওয়ার কথা। আবার আজকেই প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই অবস্থায় সুপ্রিম কোর্ট কী জানায় সে দিকে নজর থাকবে। অন্য দিকে, মালদহে বিচারকদের উপর আক্রমণের ঘটনার শুনানিও রয়েছে শীর্ষ আদালতে। নজর থাকবে সে দিকেও।

সোমবার নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত একাধিক বিধানসভা কেন্দ্রে পর পর তিনটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তাঁর সভাগুলি হবে কালীগঞ্জ, পলাশীপাড়া এবং নাকাশীপাড়ায়। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে মুর্শিদাবাদ ও মালদহে। মুর্শিদাবাদ জেলার জলঙ্গীতে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। এর পর মালদহে গিয়ে চাঁচল থেকে হরিশচন্দ্রপুর বিধানসভা এলাকায় একটি রোড শো করবেন তিনি।

আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস। ভোটের পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে আজ কথোপকথন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সকাল ৯টায় ব্রিজ কল-এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী এবং প্রার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হবে। দলের প্রতিষ্ঠা দিবসে এই বিশেষ বার্তালাপে রাজ্যের বিজেপি কর্মীদের মোদী কী বলবেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে মোদী কোনও বিশেষ বার্তা বা পরামর্শ কর্মীদের দিতে পারেন বলে অনেকে মনে করছেন।

মঙ্গলবার রাত ৮টার মধ্যে (আমেরিকার সময়) হরমুজ় প্রণালীতে অবরোধ না-তুললে ইরানকে নরকে পাঠানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এই পোস্টে একাধিক আপত্তিকর এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন ট্রাম্প, যা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে। ইরান অবশ্য ট্রাম্পের এই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, “এই হুমকি থেকেই স্পষ্ট যে, উনি অসহায়, ভীত, ভারসাম্যহীন এবং বোকা।” ঘটনাপ্রবাহ থেকে স্পষ্ট যে, পশ্চিম এশিয়ায় সংঘাত আরও বাড়তে চলেছে। আজ এই পরিস্থিতির দিকে নজর থাকবে।

আইপিএলের শুরুটা ভাল হয়নি কলকাতা নাইট রাইডার্সের। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স ও তার পর সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরেছে তারা। ফলে হারের হ্যাটট্রিকের আশঙ্কা রয়েছে। আজ ঘরের মাঠে তাদের সামনে পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে দু’ম্যাচ খেলে দু’টিই জিতেছে তারা। কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ার আরও এক বার নিজের পুরনো দলের বিরুদ্ধে নামবেন। শক্তিশালী পঞ্জাবের বিরুদ্ধে কি জয়ে ফিরতে পারবেন অজিঙ্ক রাহানেরা? ইডেনে আজ সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। সঙ্গে ঝড়। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। তার পরে ধীরে ধীরে কমবে বৃষ্টি। ঝড়বৃষ্টির কারণে গোটা রাজ্যে তাপমাত্রা নামবে অনেকটাই।

Advertisement
আরও পড়ুন