News Of The Day

মুখ্যমন্ত্রীর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। এসআইআর: কী অবস্থান কমিশনের। বিশ্বকাপে তিন ম্যাচ। আর কী কী নজরে

আজ পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শুনানি হবে ওই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলারও। দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে এই মামলার শুনানি হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শুনানি হবে ওই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলারও। দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে এই মামলার শুনানি হবে। গত বুধবার শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সওয়ালও করেন। মমতার মামলার প্রেক্ষিতে কমিশনকে নোটিস জারি করে আদালত। আজ এই মামলার শুনানিতে কী হয়, সে দিকে নজর থাকবে।

নির্বাচন কমিশনের আগের সূচি অনুযায়ী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানির সময়সীমা শেষ হয়েছে। কয়েকটি জেলা থেকে ওই সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। তা দিল্লির নির্বাচন সদনে পাঠিয়েছে সিইও দফতর। সেখান থেকে এখনও উত্তর আসেনি। এই অবস্থায় শুনানির দিন বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ কমিশন শুনানির দিন নিয়ে কী জানায়, সে দিকে নজর থাকবে।

সংসদের বাজেট অধিবেশনে গত সপ্তাহেই রাজ্যসভায় বক্তৃতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় বক্তৃতা করার কথা থাকলেও তা হয়নি। পরবর্তী সময়ে তিনি কবে লোকসভায় বক্তৃতা করবেন, তা এখনও জানা যায়নি। সোমবার লোকসভায় বক্তৃতা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসআইআর-এর পরিস্থিতি নিয়ে তিনি সংসদে কোনও বার্তা দেন কি না, সে দিকে নজর থাকবে আজ। সম্প্রতি আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য-সমঝোতা হয়েছে। সোমবার সে বিষয়ে সংসদে কোনও আলোচনা হয় কি না, সে দিকেও নজর থাকবে।

সোমবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে পরীক্ষা পরিচালনার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক গ্যাজেট নিষিদ্ধ করা হয়েছে। পর্ষদ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সময়ের আগেই কেন্দ্রে পৌঁছোনোর পরামর্শ দিয়েছে।

শীত এখনও পুরোপুরি বিদায় নেয়নি রাজ্য থেকে। নতুন করে শীতের আমেজ অনুভূত হচ্ছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছিল। কলকাতায় আপাতত ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট কমে এসেছে। উত্তরের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

বিশ্বকাপের প্রথম দু’দিন ছোট দলগুলি খারাপ খেলেনি। আজও রয়েছে তিন ম্যাচ। সকালে ইডেনে মুখোমুখি স্কটল্যান্ড ও ইটালি। প্রথম বার ক্রিকেট বিশ্বকাপে খেলতে নামছে ইটালি। ইডেনে তারা কেমন খেলে সে দিকে নজর সকলের। খেলা শুরু ১১টা থেকে। দুপুরের ম্যাচে মুখোমুখি জ়িম্বাবোয়ে ও ওমান। সেই খেলা হবে শ্রীলঙ্কায়। দুপুর ৩টে থেকে শুরু খেলা। রাতে কানাডার বিরুদ্ধে খেলতে নামবে গত বারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা। অহমদাবাদে সন্ধ্যা ৭টা থেকে শুরু সেই খেলা। তিনটি ম্যাচই সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিন বাংলার। সুদীপ ঘরামির দ্বিশতরানে অন্ধ্রপ্রদেশের থেকে ১২৩ রানে এগিয়ে তারা। চতুর্থ দিন জয়ের নিশ্চিত করার চেষ্টা করবে তারা। অন্য দিকে, হারের মুখে মধ্যপ্রদেশ। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে তাদের চতুর্থ ইনিংসে দরকার ২০৪ রান। হাতে মাত্র ৫ উইকেট। মুম্বই-কর্নাটক লড়াই জমে গিয়েছে। ম্যাচ জিততে কর্নাটকের দরকার ২১২ রান। হাতে রয়েছে ৮ উইকেট। আজ সব ম্যাচের চতুর্থ দিনের খেলা। দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকাকে হারাতে কালঘাম ছুটেছে ভারতের। সূর্যকুমার যাদব বাদে ব্যর্থ ভারতের ব্যাটিং। দ্বিতীয় ম্যাচে দিল্লিতে মুখোমুখি নামিবিয়া। পচা শামুকে যাতে পা না কাটে, তার জন্য সতর্ক সূর্যেরা। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফেরার লড়াই ভারতের। রয়েছে নামিবিয়া ম্যাচের আগে ভারতীয় দলের সব খবর।

Advertisement
আরও পড়ুন