গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আবার ভোটপ্রচারে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ঝোড়ো প্রচার সারবেন তিনি। বর্ধমান থেকে দিনাজপুর— তিন জায়গায় তিনটি জনসভা করার কথা রয়েছে মোদীর। প্রথম সভা বর্ধমানের কাটোয়ায়। এ ছাড়াও, নবদ্বীপ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে আরও একটি সভা রয়েছে মোদীর। আর তৃতীয় সভা হবে দুই দিনাজপুর, মালদহের বিজেপি প্রার্থীদের সমর্থনে।
আজ নির্বাচনী প্রচারে জোরদার কর্মসূচি নিয়ে মাঠে নামছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ চারটি গুরুত্বপূর্ণ সভা করবেন। তাঁর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম শহর, পাশাপাশি বড়জোড়ায় জনসভা। এই ধারাবাহিক সভার মাধ্যমে তিনি বিভিন্ন অঞ্চলের ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেবেন এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও রয়েছে ব্যস্ত সূচি। তিনি বীরভূম জেলার সাঁইথিয়ায় একটি জনসভায় অংশ নেবেন। এর পর পূর্ব বর্ধমানের মেমারিতে একটি রোড শো করবেন। যেখানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবেন। নির্বাচনের আগে এই ধারাবাহিক প্রচার কর্মসূচিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আজ বাঁকুড়ায় জোড়া জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখার সমর্থনে রামসাগর ফিশারি ময়দানে এবং তার পরে ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের সমর্থনে ঝাঁটিপাহাড়ি লাগোয়া এথানি ফুটবল ময়দানে সভা করবেন শাহ। আজই বড়জোড়া বিধানসভার বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিংহের সমর্থনে গঙ্গাজলঘাটি স্কুল ফুটবল ময়দান থেকে অমরকানন পর্যন্ত পদযাত্রা করবেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
আইপিএলে আজ জোড়া ম্যাচ। নামছে প্রতিযোগিতার অন্যতম অপরাজিত দল পঞ্জাব কিংস। শ্রেয়স আয়ারের পঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলেরই এটি চতুর্থ ম্যাচ। ঈশান কিশনের হায়দরাবাদ তিনটি ম্যাচ খেলে একটি জিতেছে, দু’টি হেরেছে। পঞ্জাব গত ম্যাচে কেকেআরকে বাগে পেয়েও বৃষ্টির জন্য পুরো পয়েন্ট পায়নি। সেই আক্ষেপ মিটিয়ে তাদের সামনে তিন পয়েন্ট তুলে নেওয়া লক্ষ্য। এই ম্যাচ বিকেল ৩:৩০ থেকে। এরপর মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই দুই দলেরও এটি চতুর্থ ম্যাচ। কেকেআরের মতো চেন্নাইও এখনও জয়ের মুখ দেখেনি। অন্য দিকে অক্ষর পটেলের দিল্লি প্রথম দু’টি ম্যাচ জেতার পর গুজরাত টাইটান্সের কাছে শেষ ম্যাচে মাত্র ১ রানে হেরে গিয়েছে। আজ কী হবে? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ইরানের প্রতিনিধিদল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পাকিস্তানে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধিদলও রওনা দিয়েছে ইসলামাবাদের উদ্দেশে। দু'সপ্তাহের যুদ্ধবিরতির মাঝে এ বার আলোচনায় বসছে আমেরিকা এবং ইরানের। বৈঠকের আয়োজন করছে পাকিস্তান। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
আইএসএলেও আজ জোড়া ম্যাচ। দু’টি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদকে খেলতে হবে চেন্নাইয়িনের সঙ্গে। এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় মোহনবাগানকে টপকে যাবে ইস্টবেঙ্গল। দুই দলেরই সাত ম্যাচে ১৪ পয়েন্ট হবে। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল। খেলা বিকেল ৫টা থেকে। এরপর সন্ধ্যা ৭:৩০ থেকে রয়েছে বেঙ্গালুরু বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু সাত ম্যাচে ১৪ পয়েন্টে রয়েছে। কেরালা সাতটি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি। দু’টি ম্যাচই দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।
চৈত্র মাস শেষ হতে আর হাতেগোনা কয়েক দিন বাকি। তার পরেই আনুষ্ঠানিক ভাবে গ্রীষ্মের আগমন। তবে বৈশাখ পড়ার আগেই পারদ চড়বে পশ্চিমবঙ্গে। রাজ্যের বিস্তীর্ণ প্রান্তে পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গরম বাড়বে কলকাতাতেও।