News Of The Day

এলপিজি উদ্বেগ নিয়ে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী। রবীন্দ্র নারায়ণ রবি শপথ নেবেন রাজ্যপাল হিসাবে। আর কী

রান্নার এবং বাণিজ্যিক গ্যাসের অভাব সংক্রান্ত উদ্বেগের পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরের ‘সৌজন্যে’ তিনি গ্যাস সরবরাহকারী বিভিন্ন সংস্থার সঙ্গে একদফা বৈঠক করেছেন। আজ ফের বৈঠক করবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

রান্নার এবং বাণিজ্যিক গ্যাসের অভাব সংক্রান্ত উদ্বেগের পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরের ‘সৌজন্যে’ তিনি গ্যাস সরবরাহকারী বিভিন্ন সংস্থার সঙ্গে একদফা বৈঠক করেছেন। আজ ফের বৈঠক করবেন। কী ভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায়, বিকল্প কী ব্যবস্থা করা যায় তা নিয়ে আলোচনা হবে। আজই সিদ্ধান্ত জানাতে পারেন মুখ্যমন্ত্রী। তবে গ্যাসের জোগান যে তাঁর হাতে নেই, তা কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের হাতে রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন।

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন রবীন্দ্র নারায়ণ রবি। আজ বেলা সাড়ে ১১টায় তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হবে লোকভবনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। বুধবার ধ্বনিভোটে খারিজ হয়ে যায় সেই অনাস্থা প্রস্তাব। এ বার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। ইতিমধ্যে নোটিসে স্বাক্ষর সংগ্রহ করা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। নোটিসটি শীঘ্রই লোকসভা এবং রাজ্যসভায় জমা দেওয়া হতে পারে। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আজ কী কী ঘটে, সে দিকে নজর থাকবে।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝে প্রায় ‘বন্ধ’ হয়ে রয়েছে হরমুজ় প্রণালী। হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াতের চেষ্টা করার সময়ে মাঝে মধ্যেই হামলার শিকার হচ্ছে পণ্যবাহী জাহাজ। বুধবার গুজরাতমুখী একটি জাহাজও আক্রান্ত হয় হরমুজ় প্রণালীতে। পণ্যবাহী জাহাজে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দিল্লিও। অন্য দিকে, বুধবারই ফের ইরানকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। ইরানের বিস্ফোরকবোঝাই ১৬টি নৌকা ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

বিবেচনাধীন এবং নিষ্পত্তি হওয়া ভোটারদের নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বিকেলে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বৈঠক করবেন। বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল। সূত্রের খবর, অতিরিক্ত তালিকা প্রকাশ এবং ট্রাইব্যুনাল গঠন নিয়ে আলোচনা হবে। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

Advertisement
আরও পড়ুন