News Of The Day

ব্রিগেডে মোদীর সমাবেশ। নন্দীগ্রাম দিবস। এলপিজি উদ্বেগ। অশান্ত পশ্চিম এশিয়া। আর কী নজরে

ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শনিবার। জেলায় জেলায় মঙ্গলবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শেষ হয়েছে। শনিবার কলকাতায় তার পরিসমাপ্তি পর্বে রয়েছে ব্রিগেডে সমাবেশ। সেই উপলক্ষে যান নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শনিবার। জেলায় জেলায় মঙ্গলবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শেষ হয়েছে। শনিবার কলকাতায় তার পরিসমাপ্তি পর্বে রয়েছে ব্রিগেডে সমাবেশ। সেই উপলক্ষে যান নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের। শুধু রাজনৈতিক জনসভা অবশ্য নয়, এ রাজ্যে প্রধানমন্ত্রীর শেষ ছ’টি কর্মসূচির মতো এটির ক্ষেত্রেও প্রথমে প্রশাসনিক সভা, তার পরে জনসভা হবে। প্রশাসনিক সভাস্থল থাকছে মূল সভামঞ্চের একটু পিছন দিকে মাঠের এক পাশ ঘেঁষে। তার দায়িত্বে বিভিন্ন সরকারি বিভাগ, যে সব বিভাগের নানা প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন প্রধানমন্ত্রী শনিবার ব্রিগেডে দাঁড়িয়েই করবেন। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে মোদী কী বার্তা দেন সে দিকে আজ নজর থাকবে।

আজ ‘নন্দীগ্রাম দিবস’ উপলক্ষে গোকুলনগর এবং সোনাচূড়ায় কর্মসূচি পালন করবে তৃণমূল। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর হাজির থাকার কথা ওই দুই কর্মসূচিতে। ২০০৭ সালের ১৪ মার্চ জমি আন্দোলনকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৪ জনের যা পশ্চিমবঙ্গের রাজনীতিকে ভিন্ন বাঁক দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আজ সেই খবরে নজর থাকবে।

রাজ্যে কোথায় কত গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়েছে, কতই বা রয়েছে ভান্ডারে, গ্রাহকেরা তবে কি অকারণেই উদ্বিগ্ন হচ্ছেন, না কি কালোবাজারি চলছে— শুক্রবার কলকাতা এবং বিভিন্ন জেলার গ্যাস সরবরাহকারী সংস্থার দফতরে ঘুরে ঘুরে এ সবই দেখল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। সরকারি হাসপাতালগুলিতেও আগের মতো রোগীদের জন্য রান্না হচ্ছে। সেখানে গ্যাসের ঘাটতি নেই বলেই খবর। তবে বেশ কয়েকটি প্রাথমিক স্কুলে গ্যাসের বদলে কাঠের জ্বালানিতে মিডডে মিল রান্না করতে বাধ্য হচ্ছেন রাঁধুনিরা বলে খবর। রাজ্যের বেশ কয়েকটি এলাকায় বন্ধ করতে হয়েছে মা ক্যান্টিন। আজ পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।

তৃতীয় সপ্তাহে পড়ল আমেরিকা-ইরান সংঘর্ষ। উত্তেজনা এখনও কাটেনি। পশ্চিম এশিয়ায় আমেরিকার বিভিন্ন বন্ধু দেশে হামলা চালাচ্ছে ইরান। অবরুদ্ধ করে রেখেছে হরমুজ় প্রণালীও। সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’ দাবি করেছে, মার্কিন হামলায় গুরুতর জখম হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেই। ট্রাম্পের মন্তব্যে তা নিয়ে আলোচনা আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘‘আমার ধারণা, তিনি (মোজ়তবা) সম্ভবত কোনও না কোনও অবস্থায় বেঁচে রয়েছেন।’’ পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।

আইএসএলে আজ একই দিনে নামছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ইস্টবেঙ্গলের হোম ম্যাচ যুবভারতীতে। মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ বেঙ্গালুরুতে। লাল-হলুদের বিপক্ষে কেরালা ব্লাস্টার্স। খেলা বিকেল ৫টা থেকে। মোহনবাগান খেলবে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। মোহনবাগান চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। জামশেদপুরেরও সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট। গোলপার্থক্যে এগিয়ে মোহনবাগান। ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু, দুই দলেরই চার ম্যাচে ৭ পয়েন্ট। কেরালা চারটি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি। আজ দু’টি ম্যাচই দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে দক্ষিণেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে কম-বেশি দুর্যোগ চলবে, জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

Advertisement
আরও পড়ুন