News Of The Day

ইদের নমাজ, সকালে মমতা-অভিষেক রেড রোডে। নীলবাড়ির লড়াই। ১২ জেলায় শিলাবৃষ্টির সতর্কতা। আর কী

সকালে কলকাতার রেড রোডে পড়া হবে ইদের নমাজ। প্রতি বছরের মতো এ বারও রেড রোডের নমাজে শামিল হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ইদ। সকালে কলকাতার রেড রোডে পড়া হবে ইদের নমাজ। প্রতি বছরের মতো এ বারও রেড রোডের নমাজে শামিল হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক মাসের রোজা শেষে রেড রোডের নমাজে অংশ নিতে আসবেন হাজার হাজার মানুষ। নির্বাচনের আবহে তাঁদের প্রতি মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সে দিকে নজর থাকবে।

রাজ্যের ২৯৪টি আসনে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে। ইতিমধ্যেই রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। দু’দফায় প্রার্থিতালিকা ঘোষণা করেছে বিজেপি এবং সিপিএম। এখনও বেশ কিছু আসনে তাদের প্রার্থী দেওয়া বাকি আছে। শুক্রবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল। আইএসএফ আসন রফার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। প্রার্থী তালিকা নিয়ে দিকে দিকে বিক্ষোভও জারি। শুক্রবারও বিজেপি কর্মী-সমর্থকেরা সল্টলেকে দলের কার্যালয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।

গত রবিবার ভোটঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে প্রশাসনের শীর্ষ স্তরের আমলা ও পুলিশের শীর্ষকর্তাদের অপসারণ করছে কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ অনেক আধিকারিককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বদল করা হয়েছে একাধিক জেলার জেলাশাসককেও। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও দলের ইস্তাহার প্রকাশ করতে গিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অভিযোগ, নাম না-করে কমিশন রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গে। তাই একের পর এক আধিকারিককে কারণ ছাড়াই সরিয়ে দেওয়া হচ্ছে। এই খবরে আজ নজর থাকবে।

ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজ়রায়েলের যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার বিভিন্ন বন্ধু দেশের উপর ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। আমেরিকা এবং ইজ়রায়েলও হামলা চালাচ্ছে ইরানে। তবে সামরিক জোট নেটোর বন্ধুদের যুদ্ধের ময়দানে পাশে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে ইতিমধ্যে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের প্রায় সব জেলাতেই কম-বেশি দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজ। উত্তরের দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্তত ন’টি জেলায় হতে পারে শিলাবৃষ্টি। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে হতে পারে ঝড়।

Advertisement
আরও পড়ুন