News Of The Day

রাজ্য বাজেট: কী কী ঘোষণা শুভেন্দুর সরকারের। বিশ্বকাপে মেসিদের খেলা, নামবে ফ্রান্সও। বৃষ্টি চলবে। আর কী নজরে

বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। আজ বাজেটে কী কী ঘোষণা থাকে, রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কী ধরনের রূপরেখা গ্রহণ করা হয়, সে দিকে নজর থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৭:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। পশ্চিমবঙ্গে পালাবদলের পর এটি বিজেপি সরকারের প্রথম বাজেট। দুপুর ১২টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের এই বাজেট ঘিরে রাজ্যবাসীর প্রত্যাশা অনেক। সে ক্ষেত্রে আজ বাজেটে কী কী ঘোষণা থাকে, রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কী ধরনের রূপরেখা গ্রহণ করা হয়, সে দিকে নজর থাকবে।

তিন দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। দ্বিতীয় ম্যাচ জিতে নকআউট পাকা করে ফেলতে চায় আর্জেন্টিনা, ফ্রান্স ও নরওয়ে। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার লিয়োনেল মেসি। জোড়া গোল করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড। গোলের সংখ্যা আরও বাড়িয়ে নিতে চান তাঁরা। আজ সকাল ১০:৩০ মিনিটে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামবে অস্ট্রিয়া। সারা দিন গড়িয়ে রাত ২:৩০ মিনিটে নামবে ফ্রান্স। প্রতিপক্ষ ইরাক। ভোর ৫:৩০ মিনিটে সেনেগালের বিরুদ্ধে নামবে নরওয়ে। তিনটি ম্যাচই সরাসরি দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জ়ি৫ অ্যাপে।

সোমবার থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং বীরভূমে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণের মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

ইংল্যান্ড সফরের এক দিনের দলে রাখা হয়েছে বিরাট কোহলিকে। চোটের কারণে আফগানিস্তান সিরিজ়ে খেলতে পারেননি তিনি। কোহলির চোট এখন কেমন? তা খতিয়ে দেখতে চান নির্বাচকেরা। সেই কারণে কোহলিকে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। তবেই ইংল্যান্ডে যাওয়ার ছাড়পত্র পাবেন তিনি। আজ বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে কোহলির ফিটনেস পরীক্ষা হবে। রয়েছে সেই সংক্রান্ত সব খবর।

Advertisement
আরও পড়ুন