News Of The Day

তৃণমূলের কর্মিসভা, থাকবেন মমতা। আরজি করে লিফ্‌ট বিপর্যয়ের তদন্ত। নীলবাড়ির লড়াই। আর কী কী নজরে

এ বার বিধানসভা নির্বাচনের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ভবানীপুর। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আবহে আজ ৮২ নম্বর ওয়ার্ডে, চেতলার অহীন্দ্র মঞ্চে আয়োজিত হবে ভবানীপুর বিধানসভা তৃণমূলের কর্মিসভা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৭:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

এ বার বিধানসভা নির্বাচনের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ভবানীপুর। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আবহে আজ ৮২ নম্বর ওয়ার্ডে, চেতলার অহীন্দ্র মঞ্চে আয়োজিত হবে ভবানীপুর বিধানসভা তৃণমূলের কর্মিসভা। যেখানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী-সহ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মেয়র ফিরহাদ হাকিম ও দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার এবং বিশিষ্ট নেতারা। ইতিমধ্যে ভবানীপুরের প্রার্থী হিসাবে প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু। আজ এই কর্মিসভার দিকে নজর থাকবে।

আরজি করে লিফ্‌ট বিপর্যয়ের তদন্ত চালাচ্ছে লালবাজার। টালা থানার হাত থেকে তদন্তভার নিয়েছে হোমিসাইড শাখা। ধৃত পাঁচ অভিযুক্তকেই পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার ফরেনসিক দফতরের পদার্থবিদ্যা বিশেষজ্ঞদের একটি দল সংশ্লিষ্ট লিফ্‌ট থেকে নমুনা সংগ্রহ করেছে। কোন তলা থেকে অরূপ বন্দ্যোপাধ্যায়েরা লিফ্‌টে উঠেছিলেন, কোন বোতাম টিপেছিলেন, লিফ্‌ট কোথায় তাঁদের নিয়ে যায় খতিয়ে দেখা হচ্ছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

রাজ্যের ২৯৪টি আসনে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে। ইতিমধ্যে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। দুই দফায় প্রার্থিতালিকা ঘোষণা করেছে বিজেপি এবং সিপিএম। এখনও বেশ কিছু আসনে তাদের প্রার্থী দেওয়া বাকি আছে। শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। আইএসএফ আসন রফার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। প্রার্থী তালিকা নিয়ে দিকে দিকে বিক্ষোভ জারি। শুক্রবারও বিজেপি কর্মী-সমর্থকেরা সল্টলেকে দলের কার্যালয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

গত রবিবার ভোট ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে প্রশাসনের শীর্ষ স্তরের আমলা ও পুলিশের শীর্ষকর্তাদের অপসারণ করছে কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ অনেক আধিকারিককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বদল করা হয়েছে একাধিক জেলার জেলাশাসককেও। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও দলের ইস্তাহার প্রকাশ করতে গিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অভিযোগ, নাম না-করে কমিশন রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গে। তাই একের পর এক আধিকারিককে কারণ ছাড়াই সরিয়ে দেওয়া হচ্ছে। এই খবরে আজ নজর থাকবে।

আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষ চতুর্থ সপ্তাহে পড়ে গিয়েছে। শনিবার ইরানের নাতান্‌জ় পরমাণুকেন্দ্রে হামলা হয়েছে। যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। অন্য দিকে, ভারত মহাসাগরের দিয়েগো গ্রাসিয়া দ্বীপে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানও। হামলা হয়েছে ইজ়রায়েলের জেরুসালেমেও। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

জোড়া ঘূর্ণাবর্তের জেরে শনিবারও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য হাওয়া অফিসের পূর্বাভাস ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত। আজ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। সোমবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। অন্য দিকে, ঝড়বৃষ্টির কারণে এক ধাক্কায় কলকাতার পারদ নেমে গিয়েছে প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের সাম্প্রতিক বুলেটিনের দিকে নজর থাকবে আজ।

Advertisement
আরও পড়ুন