News Of The Day

ভোটপ্রচারে মমতা-অভিষেক। রাজ্যে কর্মসূচি শাহের। রাহুলের তিন জনসভা। আইপিএলে জোড়া ম্যাচ। আর কী কী

আজ প্রচারে ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রে আজ প্রচার করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নিজের বিধানসভা কেন্দ্রের প্রচারেও অংশ নেবেন ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ প্রচারে ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রে আজ প্রচার করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নিজের বিধানসভা কেন্দ্রের প্রচারেও অংশ নেবেন । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক সভা করবেন বসিরহাট ও ক‍্যানিংয়ে। পরে বালিতে একটি রোড শো করবেন তিনি।

আজ রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রয়েছে জোড়া জনসভা এবং জোড়া রোড শো। প্রথমে পূর্ব বর্ধমানের জামালপুরে একটি সভা করবেন তিনি। সেখান থেকে তিনি চলে যাবেন হাওড়ার শ্যামপুরে। দিনের শেষে দু’টি রোড শো-ও রয়েছে শাহের। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

দ্বিতীয় দফার ভোটের আগে আজ রাজ্যে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং কলকাতার শহিদ মিনার ময়দানে জনসভা করবেন। প্রথম দফার ভোটের আগে মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে প্রচার করেছিলেন তিনি। তবে এ বারের রাহুলের জনসভা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবার, অর্থাৎ প্রথম দফার ভোটের দিনই কলকাতা-সহ রাজ্যের তিনটি জায়গায় সভা করার কথা ছিল তাঁর। কিন্তু প্রশাসনিক অনুমতি না-মেলায় শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়ে যায়। তবে বুধবার জানা যায়, রাহুল ২৫ এপ্রিল পশ্চিমবঙ্গে তিন জনসভা করবেন। মিলেছে প্রশাসনিক অনুমতি।

আজ থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখী শুরু হবে। তবে পশ্চিমের কয়েক জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার জন্যও সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আবার তীব্র গরমের সতর্কতাও জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে শনিবার ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আইপিএলে আজ জোড়া ম্যাচ। মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস। অন্য ম্যাচে লড়াই রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের। শ্রেয়স আয়ারের পঞ্জাবের সামনে লক্ষ্য প্রতিযোগিতায় অপরাজিত থাকা। অন্য দিকে অক্ষর পটেলের দিল্লি একেবারেই ধারাবাহিকতা দেখাতে পারছে না। তারা কি পারবে পঞ্জাবের দৌড় থামাতে? এই ম্যাচ বিকেল ৩:৩০ থেকে। ঈশান কিশনের হায়দরাবাদ পর পর তিনটি ম্যাচ জিতে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। রাজস্থানকেও কি তারা হারিয়ে দেবে? এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে। আজকের দু’টি ম্যাচের পর শেষ হবে গ্রুপ পর্বের অর্ধেক ম্যাচ। সব দলেরই ৭টি করে ম্যাচ খেলা হয়ে যাবে। খেলতে হবে মোট ১৪টি ম্যাচ।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ মে ওই বর্ধিত মেয়াদও শেষ হচ্ছে। যুদ্ধবিরতি চললেও হরমুজ় প্রণালী নিয়ে উত্তেজনা কাটেনি। এরই মধ্যে রয়টার্স সূত্রের দাবি, ইসলামাবাদে সফরে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। এই সফর থেকে কি আলোচনার পথ খুলবে? সে দিকে নজর থাকবে আজ।

Advertisement
আরও পড়ুন