Rain Forecast in West Bengal

কমবে গরম! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে নামবে স্বস্তির বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, হতে পারে কালবৈশাখীও

বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়ায় ঝড়বৃষ্টি হয়েছে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও বুধবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১২:০৯
কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।

হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক নিস্তার মিলতে পারে দক্ষিণের জেলাগুলিতে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণের জেলাগুলিতে কিছু কমবে দিনের তাপমাত্রাও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়াও। হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হাওয়ার বেগ থাকতে পারে ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। শুক্রবারও দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দুই মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ঝড়বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম কিছুটা কমতে পারে শুক্রবার থেকে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পর আগামী তিন দিনে ধীরে ধীরে ২-৪ ডিগ্রি কমবে গরম। যদিও তার পরে আর বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ বদল হবে না।

বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়ায় ঝড়বৃষ্টি হয়েছে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও বুধবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার ঝড়বৃষ্টি চলবে দক্ষিণের প্রায় সর্বত্র। শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। ঝড়বৃষ্টির কারণে বৃহস্পতি এবং শুক্রবার সমুদ্র উত্তাল থাকতে পারে। সেই কারণে এই দু’দিন পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্য দিকে, উত্তরের জেলাগুলিতেও বৃহস্পতি এবং শুক্রবার ঝড়বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। দু’দিনই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এ ছাড়া স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে সপ্তাহের বাকি দিনগুলিতেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
আরও পড়ুন